ডেস্ক রিপোর্ট: উত্তর ওয়াজিরিস্তানে বড় ধরনের সামরিক অভিযানে ভারতপন্থি ২২ অস্ত্রধারী নিহত হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান সেনাবাহিনী। এ ঘটনায় নতুন করে আলোচনায় এসেছে সীমান্ত অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি।
পাকিস্তান আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, উত্তর ওয়াজিরিস্তানের শেওয়া এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অস্ত্রধারীদের অবস্থান শনাক্ত করা হয়। এরপর ১৭ মে থেকে সেখানে শুরু হয় ‘স্যানিটাইজেশন অপারেশন’।
আইএসপিআরের ভাষ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নিরাপত্তা বাহিনী অস্ত্রধারীদের ঘিরে ফেলে। পরে তীব্র গোলাগুলির ঘটনায় ২২ জন নিহত হয়। ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদও উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান সেনাবাহিনী।
বিবৃতিতে আরও বলা হয়, নিহতরা এলাকায় বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল এবং স্থানীয় মানুষকে ভয়ভীতি দেখিয়ে নিজেদের চলাচলের নিরাপত্তা নিশ্চিত করত। এ ধরনের কর্মকাণ্ডকে ‘অত্যন্ত নিন্দনীয়’ বলেও উল্লেখ করেছে আইএসপিআর।
পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে, ‘আজম-ই-ইস্তেহকাম’ অভিযানের অংশ হিসেবে সন্ত্রাসবিরোধী অভিযান চলমান থাকবে। পাশাপাশি বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসবাদ দমনে নিরাপত্তা বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো একসঙ্গে কাজ করবে।
উল্লেখ্য, ২০২১ সালে আফগানিস্তানে তালেবান ক্ষমতায় আসার পর থেকেই পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তানে সীমান্তঘেঁষা এলাকায় হামলার ঘটনা বেড়েছে। পাকিস্তানের অভিযোগ, এসব হামলায় জড়িত গোষ্ঠীগুলোর বিরুদ্ধে আফগান তালেবান সরকার কার্যকর পদক্ষেপ নেয়নি।
প্রকাশক ও সম্পাদক :- এম আবদুস্ সালাম । নির্বাহী সম্পাদক:- আফতাব হোসেন। সম্পাদকীয় কার্যালয়:- দুই নং রেলগেট, গাইবান্ধা। ঢাকা অফিস : হাউস#৯৫/A, রোড #৪ ব্লক-F বনানী ঢাকা ১২১৩ মোবাইল :- ০১৭১৩৪৮৪৬৪৭
ই পেপার