আফতাব হোসেন, গাইবান্ধা
আন্তর্জাতিক বাজারে তেল সংকটের প্রভাবে গাইবান্ধায় জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। সরবরাহ না থাকায় গত সোমবার থেকে গোবিন্দগঞ্জের ৪টি পাম্প বন্ধ রেখেছে মালিকপক্ষ। এছাড়া জেলার ৭টি উপজেলার ২১টি জ্বালানি তেলের পাম্পেও প্রায় একই অবস্থা বিরাজ করছে।
ভরা মৌসুমে সেচের জন্য তেল না পেয়ে বোরো চাষিদের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। পাশাপাশি ডিজেল ও পেট্রোলসহ অন্যান্য জ্বালানিনির্ভর যানবাহনের চালক ও মালিকরাও পড়েছেন চরম বিপাকে।
গাইবান্ধা সদর উপজেলার ট্রাকচালক সাহাদুল মিয়া জানান, "চট্টগ্রামের একটি ভাড়ার ট্রিপ পেয়েছিলাম, কিন্তু পাম্পে ডিজেল না পাওয়ায় সেটি বাতিল করতে হয়েছে।"
পলাশবাড়ি উপজেলার কৃষক রুবেল মন্ডল বলেন, "পাম্পে গিয়ে দেখি তারা বিক্রি বন্ধ করে বসে আছেন। ডিজেল আসলে দেয়া হবে বলে জানালেও, কখন আসবে তার কোনো নিশ্চয়তা নেই।" তিনি আরও জানান, তেলের এই অভাবে ইরি-বোরো চাষাবাদ মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
সরেজমিনে দেখা যায়, তেল না থাকায় গোবিন্দগঞ্জের জেপি পাম্প, গোবিন্দগঞ্জ ফিলিং স্টেশন, মৌসুমী ফিলিং স্টেশন এবং বাঁধন ফিলিং স্টেশন কর্তৃপক্ষ তাদের পাম্প মেশিনগুলো কালো কাপড় দিয়ে ঢেকে রেখেছে। পাম্প সংশ্লিষ্টরা জানান, ডিপো থেকে সরবরাহ বন্ধ থাকায় বাধ্য হয়ে তারা পাম্পের কার্যক্রম স্থগিত রেখেছেন। ডিপো থেকে তেল আসা মাত্রই পুনরায় গ্রাহকদের সরবরাহ শুরু করা হবে।
প্রকাশক ও সম্পাদক :- এম আবদুস্ সালাম । নির্বাহী সম্পাদক:- আফতাব হোসেন। সম্পাদকীয় কার্যালয়:- দুই নং রেলগেট, গাইবান্ধা। ঢাকা অফিস : হাউস#৯৫/A, রোড #৪ ব্লক-F বনানী ঢাকা ১২১৩ মোবাইল :- ০১৭১৩৪৮৪৬৪৭
ই পেপার