
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার গোবিন্দগঞ্জে একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবাসহ হেলাল উদ্দিন (৩৮) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। তবে এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মো. আজাহার আলী (৫০) নামে অপর এক মাদক কারবারি পালিয়ে যায়।
গ্রেফতারকৃত হেলাল উদ্দিন কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও এলাকার মোহাম্মদ আলীর ছেলে। অন্যদিকে, পলাতক আজাহার আলী গোবিন্দগঞ্জ পৌরসভার পান্থাপাড়া এলাকার মৃত আব্দুল জলিলের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার রাত আনুমানিক ৮টার দিকে গোবিন্দগঞ্জ থানার এসআই মো. মমিনুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পান্থাপাড়া এলাকার 'ভাই ভাই' আবাসিক হোটেলের ৯ নম্বর কক্ষে অভিযান পরিচালনা করে। অভিযানকালে আজাহার আলী পালিয়ে গেলেও হেলাল উদ্দিনকে আটক করতে সক্ষম হয় পুলিশ। পরে তার দেহ তল্লাশি করে প্যান্টের পকেটে থাকা একটি নীল রঙের জিপার ব্যাগ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ৬০ হাজার টাকা।
গোবিন্দগঞ্জ থানা পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত হেলাল দীর্ঘদিন ধরে পলাতক আজাহারের সহযোগিতায় ইয়াবা ব্যবসার কথা স্বীকার করেছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
প্রকাশক ও সম্পাদক :- এম আবদুস্ সালাম । নির্বাহী সম্পাদক:- আফতাব হোসেন। সম্পাদকীয় কার্যালয়:- দুই নং রেলগেট, গাইবান্ধা। ঢাকা অফিস : হাউস#৯৫/A, রোড #৪ ব্লক-F বনানী ঢাকা ১২১৩ মোবাইল :- ০১৭১৩৪৮৪৬৪৭
ই পেপার