প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৮, ২০২৬, ৬:২৮ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৮, ২০২৬, ২:১৬ পি.এম
ঘোড়াঘাটে টেন্ডারের এক বছর পরও থমকে আছে সড়ক সংস্কার: দুর্ভোগে ২০ গ্রামের মানুষ

ঘোড়াঘাট (দিনাজপুর) সংবাদদাতা: দিনাজপুরের ঘোড়াঘাটে একটি গুরুত্বপূর্ণ বাজার সড়কের সংস্কারকাজ টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার এক বছর পরও শুরু না হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন আশপাশের প্রায় ২০টি গ্রামের মানুষ। ঠিকাদারি প্রতিষ্ঠানের দীর্ঘসূত্রতা ও নানা টালবাহানায় কাজটি এখনো থমকে রয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) সরেজমিনে দেখা যায়, সড়কটির বিভিন্ন স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিতেই এসব গর্ত পানিতে ভরে গিয়ে পুরো সড়ক কাদায় পরিণত হয়। ফলে বাজারের ব্যস্ততম এই সড়ক দিয়ে চলাচল প্রায় অসম্ভব হয়ে উঠেছে। প্রতিদিন হাজারও মানুষ এই সড়ক ব্যবহার করলেও বর্তমানে তা মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
পীরগঞ্জ উপজেলার চতরা এলাকার বাসিন্দা মহিবুল সরকার বলেন, রানীগঞ্জ বাজারটি আশপাশের কয়েকটি উপজেলার মধ্যে অন্যতম বৃহৎ হওয়ায় প্রতিদিন হাজার হাজার মানুষের সমাগম ঘটে। বিভিন্ন এলাকা থেকে ব্যবসায়ীরা পণ্য নিয়ে আসলেও দুর্বল যোগাযোগ ব্যবস্থার কারণে ভ্যান-রিকশা চলাচল করতে চায় না। এতে ব্যবসায়ীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
উপজেলা প্রকৌশলী কার্যালয় সূত্রে জানা গেছে, রানীগঞ্জ বাজারের মন্দির মার্কেট থেকে করতোয়া নদীর নুনদহঘাট ব্রিজ হয়ে রংপুরের পীরগঞ্জ উপজেলা সীমান্ত পর্যন্ত প্রায় সাড়ে চার কিলোমিটার সড়ক সংস্কারের জন্য একটি প্রকল্প গ্রহণ করা হয়। ‘রি-সিল’ পদ্ধতিতে কাজ বাস্তবায়নের জন্য ৭৮ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা বরাদ্দ নির্ধারণ করা হয়।
গত বছর টেন্ডার প্রক্রিয়া শেষে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মেসার্স মা এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি পায়। প্রাথমিকভাবে পুরনো পিচ অপসারণের কাজ কয়েকদিন চললেও অজ্ঞাত কারণে তা বন্ধ হয়ে যায় এবং এরপর আর কোনো অগ্রগতি দেখা যায়নি।
উপজেলা প্রকৌশলী সিরাজুল ইসলাম জানান, কাজ দ্রুত শুরু করার জন্য সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে একাধিকবার লিখিত ও মৌখিকভাবে তাগিদ দেওয়া হয়েছে। কিন্তু প্রতিষ্ঠানটি নানা অজুহাতে কাজ শুরু না করে সময়ক্ষেপণ করছে। বিষয়টি জেলা নির্বাহী প্রকৌশলীকে অবহিত করা হয়েছে।
এ বিষয়ে জেলা নির্বাহী প্রকৌশলী মাসুদুর রহমান বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠানকে বারবার নোটিশ দেওয়া হলেও তারা কোনো সন্তোষজনক জবাব দেয়নি এবং কাজ শুরু করেনি। ফলে টেন্ডারটি বাতিলের প্রক্রিয়া চলছে। বাতিল হলে পুনরায় দরপত্র আহ্বান করে নতুন ঠিকাদার নিয়োগ দেওয়া হবে।
এদিকে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মা এন্টারপ্রাইজের কর্ণধার সিদ্দিকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
স্থানীয়রা দ্রুত সড়ক সংস্কার কাজ শুরু করে দুর্ভোগ নিরসনের দাবি জানিয়েছেন।
প্রকাশক ও সম্পাদক :- এম আবদুস্ সালাম । নির্বাহী সম্পাদক:- আফতাব হোসেন। সম্পাদকীয় কার্যালয়:- দুই নং রেলগেট, গাইবান্ধা।
ঢাকা অফিস : হাউস#৯৫/A, রোড #৪ ব্লক-F বনানী ঢাকা ১২১৩ মোবাইল :- ০১৭১৩৪৮৪৬৪৭
ই পেপার