
স্পোর্টস ডেস্ক: বাঁচা-মরার লড়াইয়ে আজ বাংলাদেশ সময় রাত ১১টায় ‘শেষ বত্রিশ’-এর ম্যাচে মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও জাপান। হাইভোল্টেজ এই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তির কাছে মূল প্রশ্নই ছিল নেইমারের ‘গেম টাইম’ নিয়ে—আগের ম্যাচে বদলি হিসেবে নামা এই ফরোয়ার্ডকে কি এবার শুরু থেকেই খেলানো হবে?
আনচেলত্তির দেওয়া জবাবে অবশ্য জাপান ম্যাচেও নেইমারকে শুরুর একাদশে দেখার সম্ভাবনা কম বলেই আভাস মিলেছে।
ব্রাজিল কোচ জানিয়েছেন, নেইমার এখন আগের চেয়ে অনেক বেশি ফিট। তবে তাঁকে ঠিক কতক্ষণ খেলানো হবে, তা পুরোপুরি নির্ভর করবে মাঠের পরিস্থিতির ওপর। দীর্ঘ ৯৮১ দিন পর স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের শেষ গ্রুপ ম্যাচ দিয়ে জাতীয় দলের জার্সিতে মাঠে ফেরেন নেইমার। ওই ম্যাচে দ্বিতীয়ার্ধে বদলি নেমে ১৫ মিনিট খেলেছিলেন তিনি। জাপানের বিপক্ষে তাঁর খেলার সময় আরও কিছুটা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে আনচেলত্তি বলেন, "নেইমার খুব ভালোভাবে নিজেকে প্রস্তুত করছে। গত এক সপ্তাহে সে অনেক উন্নতি করেছে। দুর্ভাগ্যবশত, পুরো সময় সে আমাদের সঙ্গে অনুশীলন করতে পারেনি। তবে এখন সে ১৫ মিনিটের চেয়ে বেশি সময় খেলার জন্য সম্পূর্ণ প্রস্তুত।"
এদিকে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে চমত্কার ছন্দে থাকা ফরোয়ার্ড মাতেউস কুনিয়াকে নির্দিষ্ট কোনো পজিশনে না খেলানোর সিদ্ধান্তটি বেশ কাজে দিয়েছে বলে মনে করেন ব্রাজিল কোচ। কৌশল ব্যাখ্যা করে তিনি বলেন, "শেষ ম্যাচে কুনিয়াকে কোনো নির্দিষ্ট পজিশনে না রাখাটা আমাদের বাড়তি সুবিধা দিয়েছে। প্রতিপক্ষ যাতে সহজে আমাদের চাল বুঝতে না পারে, সে জন্য খেলোয়াড়দের নিয়মিত পজিশন অদলবদল করা খুবই জরুরি। ব্রুনো, পাকেতা ও কুনিয়া—এই তিনজন গত দুই ম্যাচে এই কৌশল দারুণভাবে মাঠে ফুটিয়ে তুলেছে।"
আজকের ম্যাচে জাপানকে হারাতে পারলে শেষ ষোলোর টিকিট নিশ্চিত হয়ে যাবে ব্রাজিলের। সে ক্ষেত্রে আগামী রোববার কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে তাদের মুখোমুখি হতে হবে নরওয়ে অথবা আইভরিকোস্টের।
প্রকাশক ও সম্পাদক :- এম আবদুস্ সালাম । নির্বাহী সম্পাদক:- আফতাব হোসেন। সম্পাদকীয় কার্যালয়:- দুই নং রেলগেট, গাইবান্ধা। ঢাকা অফিস : হাউস#৯৫/A, রোড #৪ ব্লক-F বনানী ঢাকা ১২১৩ মোবাইল :- ০১৭১৩৪৮৪৬৪৭
ই পেপার