প্রিন্ট এর তারিখঃ জুন ৬, ২০২৬, ৬:৫৫ এ.এম || প্রকাশের তারিখঃ মে ৩১, ২০২৬, ৮:২৪ পি.এম
তিস্তামুখ ঘাট-বাহাদুরাবাদ সেতুর দাবিতে ফুলছড়িতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক: গাইবান্ধার ফুলছড়ি উপজেলার তিস্তামুখ ঘাট হতে জামালপুরের বাহাদুরাবাদ ঘাট পর্যন্ত যমুনা নদীতে সড়ক ও রেলসেতু নির্মাণের দাবিতে এক বিশাল মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
স্থানীয় সর্বস্তরের জনগণের উদ্যোগে ঐতিহাসিক তিস্তামুখ ঘাট এলাকায় এই কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধনে ফুলছড়ি ও সাঘাটা উপজেলার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী, ব্যবসায়ী, পেশাজীবী, ছাত্র-জনতা এবং নদী অববাহিকার হাজারো মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখা বক্তারা বলেন, এক সময়ের ঐতিহ্যবাহী তিস্তামুখ ঘাট-বাহাদুরাবাদ ঘাট ফেরি রুটটি ছিল উত্তরাঞ্চলের সঙ্গে রাজধানী ঢাকার যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম। কিন্তু দীর্ঘদিন ধরে এই রুটটি বন্ধ থাকায় এবং যমুনা নদীতে নাব্য সংকটের কারণে এ অঞ্চলের যোগাযোগ ও অর্থনীতি স্থবির হয়ে পড়েছে। উত্তরবঙ্গের রংপুর বিভাগের জেলাগুলোর সঙ্গে ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দূরত্ব কমিয়ে আনতে এবং এই অঞ্চলের অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করতে তিস্তামুখ ঘাট-বাহাদুরাবাদ সংযোগ সেতু নির্মাণ করা এখন সময়ের দাবি। এই সেতুটি নির্মিত হলে অবহেলিত চরাঞ্চল ও জেলাগুলোর কৃষি, বাণিজ্য এবং কর্মসংস্থানে অভূতপূর্ব পরিবর্তন আসবে।
কর্মসূচিতে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, এখানে সেতু বা টানেল নির্মাণ এ অঞ্চলের কোটি মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি। অবিলম্বে এই গুরুত্বপূর্ণ মেগা প্রকল্পটি বাস্তবায়নে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর হস্তক্ষেপ কামনা করেন তারা। অন্যথায় আগামীতে চরাঞ্চলসহ পুরো জেলাজুড়ে আরও বৃহত্তর ও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে মানববন্ধন থেকে হুঁশিয়ারি দেওয়া হয়। কর্মসূচি শেষে স্থানীয় প্রশাসনের মাধ্যমে সরকারের উচ্চ পর্যায়ে একটি স্মারকলিপি প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়।
প্রকাশক ও সম্পাদক :- এম আবদুস্ সালাম । নির্বাহী সম্পাদক:- আফতাব হোসেন। সম্পাদকীয় কার্যালয়:- দুই নং রেলগেট, গাইবান্ধা।
ঢাকা অফিস : হাউস#৯৫/A, রোড #৪ ব্লক-F বনানী ঢাকা ১২১৩ মোবাইল :- ০১৭১৩৪৮৪৬৪৭
ই পেপার