
পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় অবকাঠামোগত উন্নয়ন, আধুনিক কৃষি সম্প্রসারণ, প্রতিবন্ধী পুনর্বাসন এবং যুবসমাজকে ক্রীড়ামুখী করার লক্ষ্যে সংসদ সদস্যের (এমপি) বিশেষ উন্নয়ন বরাদ্দ থেকে বিভিন্ন উপকরণ বিতরণ ও উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (১৯ জুন) সকালে পলাশবাড়ী উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কার্যক্রমের উদ্বোধন করেন গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা আবুল কাওসার মো. নজরুল ইসলাম লেবু।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি উপজেলা পরিষদ চত্বরের একটি গুরুত্বপূর্ণ অভ্যন্তরীণ সড়কের আরসিসি ঢালাই কাজের আনুষ্ঠানিক ফলক উন্মোচন করেন। এরপর তার বিশেষ বরাদ্দ থেকে উপজেলার প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার, উন্নতমানের বীজ ও স্প্রে মেশিন বিতরণ করা হয়। একই অনুষ্ঠানে শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের চলাচলের সুবিধার্থে হুইলচেয়ার এবং শিক্ষার্থীদের সুস্থ বিনোদন ও খেলাধুলার পরিবেশ সৃষ্টিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও স্থানীয় ক্লাবের প্রতিনিধিদের হাতে ক্রীড়াসামগ্রী তুলে দেন তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জাবের আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আবুল কালাম আজাদ, উপজেলা কৃষি কর্মকর্তা সাজ্জাদ হোসেন সোহেল, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা সাখাওয়াত হোসেন, অধ্যাপক একরামুল হক, মাস্টার আবু তালেব সরকার ও আইনুল হক প্রধান। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু বলেন, “গ্রামীণ অবকাঠামোর টেকসই উন্নয়ন, কৃষির আধুনিকায়ন এবং সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অধিকার নিশ্চিত করতে বর্তমান সরকার ও স্থানীয় প্রশাসন সমন্বিতভাবে কাজ করছে। উন্নয়নের সুফল যেন প্রকৃত অধিকারীদের দোরগোড়ায় পৌঁছায়, সেজন্য সংশ্লিষ্ট সকলকে আন্তরিক হতে হবে।” তিনি কাজের গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে সড়ক নির্মাণ কাজ সম্পন্ন করতে প্রকৌশলী ও ঠিকাদারি প্রতিষ্ঠানকে নির্দেশ দেন।
এদিকে একই মঞ্চ থেকে রাস্তা সংস্কার, কৃষি প্রণোদনা, প্রতিবন্ধী সামগ্রী ও খেলাধুলার সরঞ্জাম পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় উপকারভোগীরা। তারা জানান, এ ধরনের বহুমুখী উদ্যোগ তৃণমূল পর্যায়ে জনসেবার পরিধি বৃদ্ধির পাশাপাশি এলাকার সার্বিক সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নকে আরও বেগবান করবে।
প্রকাশক ও সম্পাদক :- এম আবদুস্ সালাম । নির্বাহী সম্পাদক:- আফতাব হোসেন। সম্পাদকীয় কার্যালয়:- দুই নং রেলগেট, গাইবান্ধা। ঢাকা অফিস : হাউস#৯৫/A, রোড #৪ ব্লক-F বনানী ঢাকা ১২১৩ মোবাইল :- ০১৭১৩৪৮৪৬৪৭
ই পেপার