ঢাকা প্রতিনিধি:
রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনার মামলার রায় আজ রোববার ঘোষণা করা হবে। ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন বেলা ১১টায় এই রায় ঘোষণা করবেন। নৃশংস এই হত্যাকাণ্ডের মাত্র ১৯ দিনের মাথায় আজ রায় ঘোষণা হতে যাচ্ছে।
আদালত সূত্র জানায়, আজ সকাল সাড়ে আটটা থেকে পৌনে নয়টার মধ্যে কারাগার থেকে মামলার প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে কড়া পুলিশি নিরাপত্তায় ঢাকা মহানগর দায়রা জজ আদালতের হাজতখানায় আনা হয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার (৪ জুন) রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে আদালত রায়ের জন্য আজকের দিন ধার্য করেছিলেন। শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী আজিজুর রহমান দুলু প্রধান আসামি সোহেল রানার সর্বোচ্চ শাস্তি এবং অপরাধে সহযোগিতা করার জন্য স্বপ্না আক্তারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
গত ১৯ মে পল্লবীর একটি ফ্ল্যাট থেকে ওই শিশুর খণ্ডিত লাশ উদ্ধার করা হয়। ঘটনার দিনই শৌচাগারের গ্রিল কেটে প্রধান আসামি সোহেল রানা পালিয়ে গেলেও ওই রাতেই নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। বাসা থেকে আটক করা হয় তার স্ত্রী স্বপ্নাকে। এ ঘটনায় শিশুটির বাবা পল্লবী থানায় মামলা করেন।
পরদিন ২০ মে আসামিরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এরপর ১ জুন আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। চার্জগঠন, সাক্ষ্য গ্রহণ, আত্মপক্ষ সমর্থন ও যুক্তিতর্ক শেষে মাত্র ১৯ দিনের মাথায় আজ এই মামলার রায় হতে যাচ্ছে।
প্রকাশক ও সম্পাদক :- এম আবদুস্ সালাম । নির্বাহী সম্পাদক:- আফতাব হোসেন। সম্পাদকীয় কার্যালয়:- দুই নং রেলগেট, গাইবান্ধা। ঢাকা অফিস : হাউস#৯৫/A, রোড #৪ ব্লক-F বনানী ঢাকা ১২১৩ মোবাইল :- ০১৭১৩৪৮৪৬৪৭
ই পেপার