
প্রতিনিধি, গাইবান্ধা:
রংপুরের মিঠাপুকুরে সৌদি প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা মামলায় প্রধান আসামি তানভীর হোসেন ওরফে তুহিনকে (২৬) গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গতকাল বুধবার বিকেলে র্যাব-১৩ এবং র্যাব-১-এর একটি যৌথ আভিযানিক দল গাজীপুর মহানগরীর বাসন থানাধীন নাওজোড় ইটাহাটা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত তানভীর মিঠাপুকুর উপজেলার পায়রাবতী কৃষ্ণপুর গ্রামের আব্দুল হালিমের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারীর স্বামী দীর্ঘদিন ধরে সৌদি আরবে অবস্থান করছেন। এই সুযোগে আসামি তানভীর বিভিন্ন সময় তাকে কুপ্রস্তাব দিয়ে আসছিল। গত ১১ জুন সন্ধ্যায় ভুক্তভোগী নারী রান্নার জন্য টিউবওয়েলে পানি আনতে গেলে তানভীর তাকে অতর্কিত আক্রমণ করে এবং শ্লীলতাহানির চেষ্টা চালায়। নারীর বাধা ও চিৎকারে তার পুত্রবধূ এগিয়ে এলে আসামি পালিয়ে যায়।
পরদিন ১২ জুন বিষয়টির মীমাংসার জন্য স্থানীয় মসজিদ কমিটিতে সালিশ বসার কথা থাকলেও তানভীর সেখানে অনুপস্থিত থাকে। সালিশ থেকে ফেরার পথে তানভীর ঐ নারীর ওপর পুনরায় হামলা চালায় এবং ইট দিয়ে হাঁটুতে আঘাত করে গুরুতর জখম করে। পরে স্থানীয় মুসল্লিরা তাকে উদ্ধার করে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ ঘটনায় গত ১৬ জুলাই ভুক্তভোগী নারী বাদী হয়ে আদালতে অভিযোগ দায়ের করলে মিঠাপুকুর থানায় একটি মামলা (মামলা নং-৩৯) রুজু করা হয়। মামলা হওয়ার পর থেকেই আসামি তানভীর আত্মগোপনে চলে যায়।
পরবর্তীতে র্যাব-১৩ গোয়েন্দা নজরদারি জোরদার করে এবং গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুরের বাসন এলাকা থেকে যৌথ বাহিনী তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র্যাব-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী।
প্রকাশক ও সম্পাদক :- এম আবদুস্ সালাম । নির্বাহী সম্পাদক:- আফতাব হোসেন। সম্পাদকীয় কার্যালয়:- দুই নং রেলগেট, গাইবান্ধা। ঢাকা অফিস : হাউস#৯৫/A, রোড #৪ ব্লক-F বনানী ঢাকা ১২১৩ মোবাইল :- ০১৭১৩৪৮৪৬৪৭
ই পেপার