সাঘাটা প্রতিনিধি :
গাইবান্ধার সাঘাটা উপজেলার ভরতখালী হাটে অবৈধভাবে পেট্রোল মজুত এবং ট্যাগ অফিসারের অনুপস্থিতিতে তেল বিক্রির অভিযোগে এক ডিপো মালিককে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে সেখান থেকে ৫০০ লিটার জ্বালানি তেল জব্দ করা হয়। বৃহস্পতিবার দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে ভরতখালী হাটের মেসার্স আবুল কালাম আজাদ ট্রেডার্সে অভিযান চালানো হয়। এ সময় দেখা যায়, ডিপোর মালিক আবুল কালাম আজাদ ওরফে অলক ট্যাগ অফিসারের অনুপস্থিতিতে তেল বিক্রি করছেন এবং ৫০০ লিটার পেট্রোল অন্যত্র লুকিয়ে রেখেছেন।
সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল কবীরের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে পুলিশ ও উপজেলা প্রশাসনের সদস্যরা উপস্থিত ছিলেন।
ইউএনও মো. আশরাফুল কবীর জানান, অভিযুক্ত ব্যক্তির পেট্রোলিয়াম বিক্রির কোনো বৈধ লাইসেন্স নেই। অপরাধ প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ডিপো মালিককে এক হাজার টাকা জরিমানা এবং সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। এছাড়া জব্দকৃত ৫০০ লিটার তেল ট্যাগ অফিসারের তদারকিতে ভোক্তাদের মাঝে বিক্রি করে, প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে ট্যাগ অফিসার ও উপসহকারী কৃষি কর্মকর্তা হাসানুর রহমান বলেন, ‘ডিপো মালিক যে তেল এনেছেন, সে বিষয়ে আমাকে কিছুই জানাননি। তার তেল বিক্রির বিষয়টি আমার সম্পূর্ণ অজানা ছিল।’
উল্লেখ্য, এর আগে গত ২৯ মার্চ অতিরিক্ত মূল্যে জ্বালানি তেল বিক্রির অভিযোগে একই প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছিলেন ভ্রাম্যমাণ আদালত। সে সময় প্রতিষ্ঠানটি থেকে ১২০০ লিটার পেট্রোল জব্দ করাসহ ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছিল।
প্রকাশক ও সম্পাদক :- এম আবদুস্ সালাম । নির্বাহী সম্পাদক:- আফতাব হোসেন। সম্পাদকীয় কার্যালয়:- দুই নং রেলগেট, গাইবান্ধা। ঢাকা অফিস : হাউস#৯৫/A, রোড #৪ ব্লক-F বনানী ঢাকা ১২১৩ মোবাইল :- ০১৭১৩৪৮৪৬৪৭
ই পেপার