সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহার উপজেলার শিরন্টি ইউনিয়নের এড়েন্দা গ্রামে পূর্ব শত্রুতার জেরে একটি বাড়িতে হামলা, ভাংচুর ও প্রাণনাশের হুমকির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী মো. আরিফুল ইসলাম বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে সাপাহার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত ২১ এপ্রিল সকালে উপজেলার এড়েন্দা গ্রামের মৃত সহর আলীর ছেলে মো. হারুন (৪৫), মো. ইউসুফ (৫০), সজিমুদ্দীন (৫৫) ও মোকছেদ আলীর (৫৫) নেতৃত্বে ১০-১২ জন আরিফুল ইসলামের বাড়িতে চড়াও হয়। হামলাকারীরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আরিফুলের বাড়ির সামনে গালিগালাজ করতে থাকে। প্রতিবাদ করলে তারা তেড়ে আসে। এসময় প্রাণভয়ে আরিফুল ও তার পরিবারের সদস্যরা বাড়ির ভেতরে ঢুকে পড়লে হামলাকারীরা মেইন গেট, প্রাচীরের টিন এবং খলিয়ানের তারের বেড়া ভাংচুর করে।
ভুক্তভোগী আরিফুল ইসলাম জানান, "পূর্ব শত্রুতার জের ধরে বিবাদীরা পরিকল্পিতভাবে আমাদের উপর হামলা করেছে। তারা আমার বাড়ির দরজা ও প্রাচীর ভাংচুর করে প্রায় ২০ হাজার টাকার ক্ষতি সাধন করেছে। আমরা বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।"
ঘটনার সময় স্থানীয় বাসিন্দা মো. রাজু, মনিরুল ইসলাম ও বাবুসহ অনেকেই বিষয়টি দেখেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। হামলাকারীরা চলে যাওয়ার সময় ভুক্তভোগী পরিবারকে এলাকা ছাড়া করা ও খুনের হুমকি দেয় বলেও অভিযোগ রয়েছে।
এ বিষয়ে অভিযুক্ত হারুনের সাথে কথা হলে তিনি জানান, আমাদের জায়গায় তারা বেড়া দিয়েছিলো, আমরা সেই বেড়া সরিয়ে দিয়েছি। তাদের বাড়িতে কোনো রকম হামলা করা হয়নি।
এ বিষয়ে সাপাহার থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান জানান, অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রকাশক ও সম্পাদক :- এম আবদুস্ সালাম । নির্বাহী সম্পাদক:- আফতাব হোসেন। সম্পাদকীয় কার্যালয়:- দুই নং রেলগেট, গাইবান্ধা। ঢাকা অফিস : হাউস#৯৫/A, রোড #৪ ব্লক-F বনানী ঢাকা ১২১৩ মোবাইল :- ০১৭১৩৪৮৪৬৪৭
ই পেপার