প্রিন্ট এর তারিখঃ জুলাই ৫, ২০২৬, ৯:৫৭ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১, ২০২৬, ৪:১৯ পি.এম
সুন্দরগঞ্জে ট্রান্সফরমার চুরির সময় যুবক আটক, গণধোলাইয়ের পর থানায় সোপর্দ

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের ফলগাছা গ্রামের জোলারঘাট এলাকায় গভীর রাতে বৈদ্যুতিক ট্রান্সফরমারের তামা চুরির সময় স্থানীয় জনতার হাতে ধরা পড়েছে এক যুবক। পরে তাকে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেন এলাকাবাসী। এ ঘটনায় পল্লী বিদ্যুতের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। তবে চোরচক্রের আরও তিন সদস্য অন্ধকারের সুযোগে পালিয়ে গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (৩০ জুন) দিবাগত গভীর রাতে চার সদস্যের একটি সংঘবদ্ধ চোরচক্র এলাকার একটি বৈদ্যুতিক খুঁটিতে স্থাপিত দুটি ট্রান্সফরমারের ভেতরের মূল্যবান তামা খুলে নেওয়ার চেষ্টা করে। এ সময় এলাকাবাসী ঘটনাস্থলে ছুটে গেলে চোরচক্রটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ধাওয়া দিয়ে মনির হোসেন (২৩) নামে এক যুবককে আটক করা হয়। পরে উত্তেজিত জনতা তাকে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে।
এলাকাবাসীর অভিযোগ, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চোরচক্র বামনডাঙ্গা ইউনিয়নের বিভিন্ন এলাকায় ট্রান্সফরমারের তামা চুরি করে আসছে।
স্থানীয় বাসিন্দারা জানান, ট্রান্সফরমার নষ্ট হওয়ার পর নতুন ট্রান্সফরমার স্থাপন ও মেরামতে কয়েকদিন সময় লেগে যায়। এ সময় বিদ্যুৎ না থাকায় কৃষি সেচ, ক্ষুদ্র ব্যবসা, শিক্ষা কার্যক্রম এবং স্বাভাবিক জনজীবন মারাত্মকভাবে ব্যাহত হয়।
সুন্দরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার মো. মিজানুর রহমান বলেন, “স্থানীয়দের হাতে আটক ব্যক্তিকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় পল্লী বিদ্যুতের পক্ষ থেকে এজিএম নন্দ কুমার দাশ বাদী হয়ে সুন্দরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন। চুরির ঘটনায় ক্ষতিগ্রস্ত ট্রান্সফরমারগুলো দ্রুত সচল করারও উদ্যোগ নেওয়া হয়েছে।”
সুন্দরগঞ্জ থানা অফিসার ইনচার্জ শাহীন মোহাম্মদ আমানুল্লাহ বলেন, স্থানীয়দের মাধ্যমে আটক এক যুবককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পল্লী বিদ্যুতের দায়ের করা মামলাটি গ্রহণ করা হয়েছে। পলাতক অন্য আসামিদের সনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।
প্রকাশক ও সম্পাদক :- এম আবদুস্ সালাম । নির্বাহী সম্পাদক:- আফতাব হোসেন। সম্পাদকীয় কার্যালয়:- দুই নং রেলগেট, গাইবান্ধা।
ঢাকা অফিস : হাউস#৯৫/A, রোড #৪ ব্লক-F বনানী ঢাকা ১২১৩ মোবাইল :- ০১৭১৩৪৮৪৬৪৭
ই পেপার