
ডেস্ক রিপোর্ট:
হরমুজ প্রণালিতে উত্তেজনার পারদ ক্রমেই বাড়ছে। এর পূর্ব অংশে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌ-সতর্কবার্তার পর মার্কিন ডেস্ট্রয়ারগুলোর পিছু হটার একটি ভিডিও প্রকাশ করেছে তেহরান। অন্যদিকে, ইরানি বন্দর অবরোধে যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপে অংশ নেবে না বলে সাফ জানিয়ে দিয়েছে যুক্তরাজ্য।
রোববার এক বিবৃতিতে আইআরজিসি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছে, হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করা যেকোনো সামরিক জাহাজের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নির্দিষ্ট শর্তসাপেক্ষে কেবল বেসামরিক জাহাজগুলোকেই এই প্রণালি দিয়ে চলাচলের অনুমতি দেওয়া হবে। আইআরজিসির প্রকাশিত ভিডিওতে মার্কিন ডেস্ট্রয়ারগুলোকে তাদের সতর্কবার্তার পর পিছু হটতে দেখা যায়।
এর আগে মার্কিন জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করেছে এবং সেখানে অভিযান চালিয়েছে বলে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) ও বিভিন্ন গণমাধ্যমে যে দাবি করা হয়েছিল, তা স্পষ্টভাবে নাকচ করেছে ইরানের সশস্ত্র বাহিনী।
অন্যদিকে, বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে, ইরানি বন্দর অবরোধ করতে যুক্তরাষ্ট্রের নেওয়া পদক্ষেপে যুক্ত হচ্ছে না যুক্তরাজ্যের সামরিক বাহিনী। ব্রিটিশ নৌবাহিনীর জাহাজ বা সেনারা এই অবরোধে ব্যবহৃত হবে না। তবে ওই অঞ্চলে যুক্তরাজ্যের মাইন অপসারণকারী ইউনিট এবং ড্রোনবিরোধী কার্যক্রম আগের মতোই অব্যাহত থাকবে।
ব্রিটিশ সরকারের এক মুখপাত্র এ বিষয়ে জানিয়েছেন, বৈশ্বিক অর্থনীতিসহ যুক্তরাজ্যের সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণের জন্য হরমুজ প্রণালি খোলা রাখা অত্যন্ত জরুরি। তাই তারা নৌ-চলাচলের স্বাধীনতা এবং প্রণালিটি উন্মুক্ত রাখার নীতিকে সব সময় সমর্থন করে যাবেন।
প্রকাশক ও সম্পাদক :- এম আবদুস্ সালাম । নির্বাহী সম্পাদক:- আফতাব হোসেন। সম্পাদকীয় কার্যালয়:- দুই নং রেলগেট, গাইবান্ধা। ঢাকা অফিস : হাউস#৯৫/A, রোড #৪ ব্লক-F বনানী ঢাকা ১২১৩ মোবাইল :- ০১৭১৩৪৮৪৬৪৭
ই পেপার