
ডেস্ক রিপোর্টঃ রোদ যেন আগুন ছড়াচ্ছে। জ্যৈষ্ঠের খরতাপে পুড়ছে প্রায় পুরো দেশ। ঢাকাসহ ৪০টি জেলার ওপর দিয়ে বইছে তাপপ্রবাহ, আর আবহাওয়া অধিদপ্তর বলছে—এই পরিস্থিতি আরও অন্তত তিন দিন থাকতে পারে। শুধু তাই নয়, জুনজুড়েও স্বস্তির বৃষ্টির দেখা কম মিলতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাস অনুযায়ী, জুন মাসে দেশের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে এবং পারদ ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছাতে পারে। মাসজুড়ে ২ থেকে ৩টি মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে।
আবহাওয়াবিদদের ভাষায়, তাপমাত্রা ৩৬-৩৮ ডিগ্রি হলে তা মৃদু তাপপ্রবাহ, ৩৮-৪০ ডিগ্রি হলে মাঝারি তাপপ্রবাহ এবং ৪০ ডিগ্রির বেশি হলে তা তীব্র তাপপ্রবাহ হিসেবে ধরা হয়।
বর্তমানে ঢাকা, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ, ময়মনসিংহ, চাঁদপুর ও লক্ষ্মীপুরসহ রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।
উল্লেখ্য, মে মাসে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল চুয়াডাঙ্গায়, ৩৮ ডিগ্রি সেলসিয়াস। একই মাসে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে দিনাজপুরে, ১৪৪ মিলিমিটার।

Reporter Name 











