
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় অটোভ্যান-ট্রাকের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দুইজনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত অপর একজন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।
সোমবার (২ নভেম্বর) সকালে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের জামাল হাট সংলগ্ন কামরাঙ্গার তল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, রংপুরের মিঠাপুকুর উপজেলার ১৭ নম্বর ইমাদপুর ইউনিয়নের ইমাদপুর হাজীপাড়া গ্রামের মৃত সোলেমানের ছেলে মোঃ এনামুল হক (৪০) এবং একই এলাকার মোঃ মোন্তাজ আলীর ছেলে মোঃ আনোয়ার হোসেন (৪২)। দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর হাসপাতালে নেওয়ার পথে আনোয়ার হোসেনের মৃত্যু হয়।
এ ঘটনায় আহত অপর ব্যক্তি হলেন মোঃ আব্দুল হামিদ (৪১), পিতা মোঃ আঃ ছাত্তার। তিনি দুর্ঘটনাকবলিত গাড়ির চালক বলে জানা গেছে। চিকিৎসা শেষে তিনি বাড়ি ফিরেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, তারা পানের বরজে কাজ করার উদ্দেশ্যে অটোভ্যান যোগে জামাল হাটের কামরাঙ্গার তল এলাকায় এসেছিলেন। এ সময় ট্রাকের ধাক্কায় দুর্ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলে এনামুল হক নিহত হন এবং আনোয়ার হোসেন গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
দুর্ঘটনায় আহত আব্দুল হামিদকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসা শেষে তিনি বাড়ি ফিরে যান। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Reporter Name 











