
ডেস্ক রিপোর্টঃ হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের একটি মানুষবিহীন সাবমেরিন ড্রোন আটক করেছে ইরানের রেভল্যুশনারি গার্ডস কোর (আইআরজিসি)।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) হরমুজের প্রবেশমুখে গোয়েন্দা অভিযানের মাধ্যমে ড্রোনটি আটক করা হয়েছে বলে জানিয়েছে আইআরজিসির নৌবাহিনী।
ইরানের দাবি, এটি পানির নিচে ব্যবহারের জন্য বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তিতে সজ্জিত একটি স্মার্ট সাবমেরিন। ২০২৫ সালে এটি মার্কিন নৌবাহিনীর বহরে যুক্ত হয়েছিল বলেও জানিয়েছে তারা। শিগগিরই আটক করা সাবমেরিনটির ছবি প্রকাশ করা হবে বলে জানিয়েছে আইআরজিসি।
ইরানি সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ড্রোনটির সক্ষমতার মধ্যে রয়েছে পানির নিচে অনুসন্ধান ও নজরদারি, সমুদ্রের তলদেশের ম্যাপিং, মাইন শনাক্তকরণ এবং সাবমেরিন কেবল ও পাইপলাইন পরিদর্শন।
তবে ইরানের এই দাবির পরপরই ভিন্ন তথ্য দিয়েছেন এক মার্কিন কর্মকর্তা। আলজাজিরাকে তিনি জানান, একদিনেরও বেশি সময় আগে মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর পরিচালিত একটি আন্ডারওয়াটার ড্রোন বিকল হয়ে পড়েছিল। ড্রোনটি চলমান অভিযানে সহায়তার জন্য আঞ্চলিক জলসীমায় জরিপ চালাচ্ছিল।
মার্কিন কর্মকর্তার দাবি, এটি ছিল পুরোনো মডেলের ড্রোন। এতে কোনো সংবেদনশীল তথ্য সংগ্রহের ব্যবস্থা ছিল না এবং কোনো গোপন সোনার বা রাডার সরঞ্জামও ছিল না।
এরই মধ্যে হরমুজ প্রণালিকে ঘিরে পরিস্থিতি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ইরান যুদ্ধ শুরুর পর থেকেই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই জলপথে অবরোধ বজায় রেখেছে। বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) রপ্তানির প্রায় এক-পঞ্চমাংশ এই প্রণালি দিয়ে পরিবাহিত হয়।
ইরানের এই পদক্ষেপের জবাবে যুক্তরাষ্ট্রও ইরানের বন্দরগুলোতে পালটা অবরোধ আরোপ করেছে।
সূত্র: রয়টার্স

Reporter Name 





















