
নওগাঁ প্রতিনিধি:
নওগাঁয় কারা হেফাজতে চিকিৎসাধীন অবস্থায় জাকির হোসেন নবাব (৫৮) নামে আওয়ামী লীগের এক নেতার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরের দিকে ২৫০ শয্যাবিশিষ্ট নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
বিষয়টি এদিন দুপুর দেড়টার দিকে মুঠোফোনে নিশ্চিত করেন নওগাঁ সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক। নাম প্রকাশ না করার শর্তে তিনি জানান, জাকির হোসেন নবাবকে অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১২টার মধ্যে তাঁর মৃত্যু হয়। তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব নয় বলে জানান তিনি।
নিহত জাকির হোসেন নবাব বগুড়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। এর আগে তিনি বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি ও জেলা স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
এদিকে তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পরিবারে শোকের ছায়া নেমে আসে এবং স্বজনদের মাঝে কান্নার রোল পড়ে। একই সঙ্গে নন্দীগ্রাম উপজেলা ও বগুড়া জেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যেও গভীর শোকের ছায়া দেখা যায়।
নওগাঁ জেলা কারাগারের সুপার রত্না রায় বলেন, “আমরাও শুনেছি জাকির হোসেন নওগাঁ সদর হাসপাতালে মারা গেছেন। তবে হাসপাতাল কর্তৃপক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো কাগজপত্র বা তথ্য পাওয়া যায়নি।”
তিনি আরও জানান, সকালে কারাগারে অসুস্থ বোধ করলে তাঁকে দ্রুত সদর হাসপাতালে পাঠানো হয়। জাকির হোসেন নবাব একটি বিস্ফোরক মামলায় কারা হেফাজতে ছিলেন।

Reporter Name 












