
সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি: ময়নাতদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের লক্ষ্যে আদালতের নির্দেশে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় কবর থেকে তৈয়ব আলী (৮০) নামের এক ব্যক্তির মরদেহ উত্তোলন করা হয়েছে। দাফনের ৭৫ দিন পর এ মরদেহ উত্তোলন করেছে প্রশাসন।
মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর সাড়ে ১২ টার দিকে সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের পশ্চিম খামার দশলিয়া কেন্দ্রীয় কবর স্থান থেকে তার মরদেহ উত্তোলন করা হয়।
তৈয়ব আলী সুন্দরগঞ্জ উপজেলার তালুক শাহাবাজ গ্রামের মৃত মালেক উদ্দিনের ছেলে।
মৃত তৈয়ব আলীর মেয়ে কহিনুর বেগম বলেন, বাবার মৃত্যুকে ঘিরে পরিবারের পক্ষ থেকে সন্দেহ প্রকাশ করা হয়। পরবর্তীতে আদালতে আবেদন করা হলে বিচারক মরদেহ উত্তোলন করে পুনরায় ময়নাতদন্তের নির্দেশ দেন। আদালতের আদেশ অনুযায়ী নির্ধারিত সময়ে কবর খনন করে মরদেহ উত্তোলন করেছে প্রশাসন।
এই মরদেহ উত্তোলনের সময় গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানসহ থানা পুলিশ, স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি এবং স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য সংশ্লিষ্ট হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এদিকে মরদেহ উত্তোলনের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় করেন। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও সাদুল্লাপুর থানার উপপুলিশ পরিদর্শক (এসআই) রিপন মিয়া জানায়, ময়নাতদন্তের প্রতিবেদনে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। প্রতিবেদন হাতে পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Reporter Name 


















