
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে শুরু হয়েছে ১৫ দিনব্যাপী বৈশাখী মেলা।
মঙ্গলবার (১৪ এপ্রিল) উপজেলার বুলাকীপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী মোজাম বিনোদন পার্কে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
মেলার প্রথম দিনেই দর্শনার্থীদের উপচে পড়া ভিড়ে মুখরিত হয়ে ওঠে পুরো পার্ক এলাকা। প্রচণ্ড গরম উপেক্ষা করেও শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সী মানুষের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।
মেলায় আগতদের বিনোদনের জন্য রয়েছে রোমাঞ্চকর রাইড: নাগরদোলা, দোলনা এবং ড্রাগন রেল। জলাশয়ে রয়েছে স্পিডবোট ও নৌকাভ্রমণের বিশেষ ব্যবস্থা।
দর্শনার্থীরা জানান, আধুনিকতার ভিড়ে গ্রামবাংলার চিরচেনা মেলার আমেজ এখন বিলুপ্তপ্রায়। তবে মোজাম বিনোদন পার্কের এই আয়োজন তাদের শৈশবের স্মৃতি ফিরিয়ে দেওয়ার পাশাপাশি পরিবারের সাথে আনন্দ উপভোগের একটি চমৎকার ক্ষেত্র তৈরি করেছে।
মেলার আয়োজক মাশরাফি হাসান সোহান জানান, স্থানীয় মানুষের জন্য নিরাপদ ও আনন্দঘন একটি পরিবেশ নিশ্চিত করতেই আমরা এই বৈশাখী মেলার আয়োজন করেছি। দর্শনার্থীদের নিরাপত্তা এবং সার্বিক ব্যবস্থাপনার দিকে আমাদের কড়া নজর রয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, মেলা চলাকালীন প্রতিদিন সকাল থেকে সূর্যাস্ত পর্যন্ত পার্ক ও মেলা প্রাঙ্গণ সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

Reporter Name 




















