
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণের ১০ দিন পর উদ্ধার করেছে র্যাব। এ ঘটনায় অপহরণ মামলার এজাহারনামীয় তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (১০ আগষ্ট) রাত ৮টার দিকে র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, সুন্দরগঞ্জ উপজেলার সমস গ্রামের আশরাফুল ইসলামের ছেলে মো. বেল্লাল হোসেন (৩৩) ও মো. বিদ্যুৎ (২৮) এবং বেড়াডাঙ্গা বাজার এলাকার মৃত মছলিম উদ্দিনের ছেলে মো. বাবুল হোসেন (৩৫)।
র্যাব জানায়, উদ্ধার হওয়া স্কুলছাত্রী শ্রীপুর ইউনিয়নের ধর্মপুর পি.এন বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। বিদ্যালয়ে যাতায়াতের সময় বেল্লাল হোসেন তাকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করত। ওই ছাত্রী প্রস্তাব প্রত্যাখ্যান করে বিষয়টি পরিবারের সদস্যদের জানায়।
গত ৩১ জুলাই সকাল সাড়ে ৯টার দিকে বাড়ি থেকে বিদ্যালয়ে যাওয়ার পথে আসামিদের বাড়ির উত্তর পাশের পাকা সড়কে পৌঁছালে বেল্লাল হোসেন ও তার সহযোগীরা ওই স্কুলছাত্রীকে জোরপূর্বক একটি সিএনজিতে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরে পরিবারের পক্ষ থেকে বিষয়টি আসামির স্বজনদের জানানো হলেও তারা স্কুলছাত্রীকে খুঁজে দেওয়ার আশ্বাস দিয়ে আর কোনো সন্ধান দিতে পারেননি বলে র্যাব জানায়।
এ ঘটনায় ভুক্তভোগীর বাবা গত ৫ আগষ্ট সুন্দরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। মামলা হওয়ার পর আসামিরা গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে চলে যায়।
র্যাব আরও জানায়, স্কুলছাত্রীকে উদ্ধার ও জড়িতদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি শুরু করা হয়। এরই ধারাবাহিকতায় রবিবার দিবাগত গভীর রাতে উপজেলার শ্রীপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সমস গ্রামের একটি বাড়িতে অভিযান চালায় র্যাব-১৩, সিপিসি-৩, গাইবান্ধার একটি দল। অভিযানে অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার এবং মামলার এজাহারনামীয় তিন আসামিকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন, ‘অভিযান চালিয়ে অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার এবং মামলার এজাহারনামীয় তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার হওয়া ভিকটিম ও গ্রেপ্তার আসামিদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সুন্দরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।’

Reporter Name 


















