
গোবিন্দগঞ্জে (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তিনটি দাখিল মাদ্রাসায় চলতি বছরের দাখিল পরীক্ষায় একজন শিক্ষার্থীও উত্তীর্ণ হতে পারেনি। শতভাগ ফেল করায় শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে হতাশা দেখা দিয়েছে।
শতভাগ ফেল করা তিনটি প্রতিষ্ঠান হলো- উপজেলার রাজাহার ইউনিয়নের রাজাবিরাট দ্বিমুখী দাখিল মাদ্রাসা, শাখাহার ইউনিয়নের বৈরাগীর হাট বটতলা দাখিল মাদ্রাসা এবং গুমানীগঞ্জ ইউনিয়নের সুন্দরকোল হযরত ফাতেমা (রা.) বালিকা দাখিল মাদ্রাসা।
সোমবার (১০ আগষ্ট) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শাহনাজ বেগম।
শিক্ষাবিদ ও সচেতন মহলের মতে, কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ধারাবাহিকভাবে খারাপ ফলাফল হলে তার কারণ খুঁজে বের করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি।
তারা প্রতিষ্ঠানগুলোর শিক্ষার মান উন্নয়ন, নিয়মিত তদারকি, শিক্ষক-শিক্ষার্থীদের জবাবদিহি বৃদ্ধি এবং প্রয়োজনীয় প্রশিক্ষণ ও একাডেমিক সহায়তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই মতামত দিচ্ছেন যে, যেসব প্রতিষ্ঠানে ধারাবাহিকভাবে পাশের হার খুবই কম বা শূন্য থাকে, সেসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা ও কঠোর জবাবদিহি নিশ্চিত করা উচিত।

Reporter Name 


















