
ডেস্ক রিপোর্ট: আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষা ঘিরে কঠোর বার্তা দিয়েছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানিয়েছেন, কোনও শিক্ষার্থী নকল করলে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
বুধবার (২৪ জুন) ঢাকা, ময়মনসিংহ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় মন্ত্রী বলেন, আগামী ২ জুলাই শুরু হতে যাওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটলে জড়িত কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
তিনি আরও জানান, পরীক্ষকদের মূল্যায়নের মান নিশ্চিত করতে এলোমেলোভাবে উত্তরপত্র পুনরায় যাচাই করা হবে। খাতা মূল্যায়নে গাফিলতি বা অনিয়মের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট পরীক্ষকের বিরুদ্ধেও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
সভায় আরও জানানো হয়, ২০২৭ সাল থেকে এসএসসি পরীক্ষা জানুয়ারি মাসে অনুষ্ঠিত হবে।
এ ছাড়া ২০২২ সাল থেকে বকেয়া থাকা শিক্ষক-কর্মচারীদের অবসর ভাতা আগামী জুলাই মাসের মাঝামাঝি থেকে পরিশোধ শুরু হবে। পাশাপাশি দেশের ৬০ হাজারের বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শূন্য থাকা প্রধান শিক্ষকের পদ দ্রুত পূরণের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান শিক্ষামন্ত্রী।

Reporter Name 











