
গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার সাঘাটা ও ফুলছড়ি উপজেলার চরাঞ্চলের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও দুর্যোগ সহনশীলতা বৃদ্ধির লক্ষ্যে ‘চয়েস, হোপ অ্যান্ড রেজিলিয়েন্স’ (চর) শীর্ষক পাইলট প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বেসরকারি উন্নয়ন সংস্থা গণ উন্নয়ন কেন্দ্র (জিইউকে)-এর আয়োজনে এবং আন্তর্জাতিক সংস্থা গিভডিরেক্টলি’র সহযোগিতায় মঙ্গলবার সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সংশ্লিষ্ট উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের মাধ্যমে প্রকল্পের মূল লক্ষ্য, উদ্দেশ্য ও কর্মপরিকল্পনা বিস্তারিত তুলে ধরা হয়। বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা নদীতীরবর্তী ও দুর্গম চরাঞ্চলের মানুষের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘমেয়াদি দুর্যোগ সহনশীলতা তৈরিতে এ পাইলট প্রকল্প কার্যকর ভূমিকা রাখবে। একই সঙ্গে প্রকল্পের সুষ্ঠু ও সফল বাস্তবায়নে স্থানীয় প্রশাসন ও উপকারভোগীসহ সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতা কামনা করা হয়।

Reporter Name 














