
সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার সাঘাটায় ভোগদখলীয় জমি নিয়ে বিরোধের জেরে এক বিধবার প্রায় ৪০টি ফলজ ও বনজ গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে তাঁর দেবরের বিরুদ্ধে। বাধা দিতে গেলে ভুক্তভোগী নারীকে হুমকিও দেওয়া হয়। নিরুপায় হয়ে তিনি জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করলে সাঘাটা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে একজনকে আটক করে।
রোববার (১ নভেম্বর) উপজেলার মান্দুরা গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী নারীর নাম মমতা বেগম (৫০)। তিনি ওই গ্রামের মৃত আবুল কালাম আজাদের স্ত্রী।
স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, স্বামীর পৈতৃক সূত্রে পাওয়া তিন শতক জমি দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছিলেন মমতা বেগম। ওই জমির মালিকানা নিয়ে তাঁর দেবর শহীদের সঙ্গে বিরোধ চলছিল। এর জেরে রোববার শহীদ ভাড়াটে লোকজন নিয়ে ওই জমিতে অনধিকার প্রবেশ করেন এবং ফলজ ও বনজ গাছ কাটতে শুরু করেন। এ সময় জমিতে থাকা বিভিন্ন প্রজাতির প্রায় ৪০টি গাছ কেটে ফেলা হয়। মমতা বেগম বাধা দিতে গেলে তাঁকে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি দেওয়া হয়। পরিস্থিতি বেগতিক দেখে তিনি ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশের সহায়তা চান।
খবর পেয়ে সাঘাটা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয় এবং গাছ কাটার সাথে সরাসরি জড়িত থাকার অভিযোগে আরিফ (পিতা: আলতাব) নামের একজনকে আটক করে। এ ঘটনায় ভুক্তভোগী মমতা বেগম বাদী হয়ে সাঘাটা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
সাঘাটা থানার পরিদর্শক (তদন্ত) পবিত্র কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ৯৯৯-এ ফোন পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে একজনকে আটক করা হয়েছে। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে উভয় পক্ষকে থানায় ডেকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Reporter Name 













