
ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের চুমুরদী এলাকায় প্রবল বৃষ্টির মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের খাদে পড়ে গেছে। এ ঘটনায় বাসের অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন।
রোববার (২ আগস্ট) বিকেলে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসা ‘দশমিনা এক্সপ্রেস’ পরিবহনের একটি বাস চুমুরদী এলাকায় পৌঁছালে এই দুর্ঘটনার শিকার হয়।
খবর পেয়ে ভাঙ্গা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালান। আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন ঘটে। তবে হাইওয়ে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হয়।
বাসের এক যাত্রী অভিযোগ করে বলেন, “প্রবল বৃষ্টির মধ্যেও চালক দ্রুতগতিতে বাস চালাচ্ছিলেন। একপর্যায়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদের পানিতে পড়ে যায়।”
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পরপরই আশপাশের লোকজন ছুটে এসে ফায়ার সার্ভিস কর্মীদের সঙ্গে উদ্ধারকাজে হাত বাড়ান এবং বাসের ভেতরে আটকে পড়া যাত্রীদের নিরাপদে বের করে আনেন।
ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ জানায়, দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্ত করা হচ্ছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রবল বৃষ্টি ও পিচ্ছিল সড়কের কারণেই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।
দুর্ঘটনায় বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে গেলেও সৌভাগ্যবশত কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।

Reporter Name 











