
ডেস্ক রিপোর্টঃ চ্যাম্পিয়নস লিগের আগে পিএসজিকে চ্যাম্পিয়ন হিসেবে ঠিকই ধরেছিল অপটা। এবার সেই সুপারকম্পিউটার জানিয়ে দিল ২০২৬ বিশ্বকাপের সবচেয়ে বড় দাবিদারের নাম! ফুটবল পরিসংখ্যানভিত্তিক প্রতিষ্ঠান অপটা তাদের সুপারকম্পিউটারে ১০ হাজার সিমুলেশন চালিয়ে আসন্ন বিশ্বকাপের সম্ভাব্য চ্যাম্পিয়নদের তালিকা প্রকাশ করেছে। সেই হিসাব বলছে, বিশ্বকাপ জয়ের দৌড়ে সবার ওপরে রয়েছে স্পেন।
অপটার পূর্বাভাস অনুযায়ী, স্পেনের শিরোপা জয়ের সম্ভাবনা ১৬.১ শতাংশ। এরপর রয়েছে ফ্রান্স (১৩%), ইংল্যান্ড (১১.২%) এবং বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা (১০.৪%)।
স্পেনের শক্তির জায়গা হিসেবে ধরা হচ্ছে তরুণ সেনসেশন লামিন ইয়ামাল, অধিনায়ক রদ্রি, ফেরান তোরেস, মিকেল মেরিনো ও মিকেল ওইয়ারসাবালদের উপস্থিতি। ইউরো ২০২৪ জয়ের পর থেকে ধারাবাহিক ভালো পারফরম্যান্সও তাদের এগিয়ে রেখেছে।
অন্যদিকে কিলিয়ান এমবাপ্পের ফ্রান্স, হ্যারি কেইনের ইংল্যান্ড এবং লিওনেল মেসির আর্জেন্টিনা শিরোপার অন্যতম প্রধান দাবিদার হিসেবেই বিবেচিত হচ্ছে।
দ্বিতীয় সারির ফেবারিটদের মধ্যে রয়েছে পর্তুগাল (৭%), ব্রাজিল (৬.৬%) এবং জার্মানি (৫.১%)।
এবারের বিশ্বকাপ হবে ইতিহাসের সবচেয়ে বড় আসর। প্রথমবারের মতো ৪৮টি দল অংশ নেবে। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা যৌথভাবে আয়োজন করবে টুর্নামেন্টটি। আগামী ১১ জুন শুরু হবে বিশ্বকাপ, আর ১৯ জুলাই নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডে অনুষ্ঠিত হবে ফাইনাল।
এবার প্রথমবারের মতো বিশ্বকাপে খেলবে কেপ ভার্দে, কুরাসাও, জর্ডান ও উজবেকিস্তান। আর যোগ্যতা অর্জনে ব্যর্থ হওয়ায় সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের মধ্যে একমাত্র অনুপস্থিত দল ইতালি।
অপটার চোখে বিশ্বকাপ জয়ের সবচেয়ে বড় দাবিদার এখন স্পেন। তবে ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে শেষ হাসি কে হাসবে, তার উত্তর মিলবে মাঠের লড়াইয়েই।

Reporter Name 










