
গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার দারিয়াপুর হাজী ওসমান গনি কলেজ মাঠে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘মিনিম্যারাথন-২০২৬’। আজ ভোরে বামনীপাড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (বিডব্লিউএ)-এর উদ্যোগে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। ভোর থেকেই পুরো কলেজ মাঠ প্রতিযোগীদের প্রাণচাঞ্চল্য আর উদ্দীপনায় মুখর হয়ে ওঠে। সুস্থতা, শৃঙ্খলা, তারুণ্যের শক্তি ও সামাজিক সম্প্রীতির এক অসাধারণ মিলনমেলায় পরিণত হয় পুরো আয়োজনটি।
ম্যারাথনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাবেক সচিব এবং বর্তমানে ঢাকা ওয়াসা’র ব্যবস্থাপনা পরিচালক মোঃ আমিনুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধার জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা, পুলিশ সুপার মোঃ জসিম উদ্দীন এবং গণ উন্নয়ন কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও নির্বাহী প্রধান এম. আবদুস্ সালাম। এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আমন্ত্রিত অতিথিরা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, ম্যারাথনে ১০ কিলোমিটার ও ৫ কিলোমিটার-এই দুই ক্যাটাগরিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে নারী-পুরুষ, শিশুসহ প্রায় তিন শতাধিক প্রতিযোগী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরনের আয়োজন শুধু শরীরচর্চায় সীমাবদ্ধ নয়, বরং সুস্থ সমাজ গঠন, তরুণ সমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং সামাজিক বন্ধন দৃঢ় করার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তরুণদের মাদকমুক্ত ও সুস্থ জীবনধারায় উদ্বুদ্ধ করতে এমন উদ্যোগ নিয়মিত আয়োজন করা প্রয়োজন।
এমন একটি সুন্দর ও সময়োপযোগী উদ্যোগ গ্রহণ করার জন্য বামনীপাড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানানো হয়। পরে অতিথিদের বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়।

Reporter Name 

























