
সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সাঘাটা উপজেলায় পানি উন্নয়ন বোর্ডের নদীভাঙন রোধে ব্যবহৃত সরকারি ব্লক পিচিং ভেঙে সরকারি ব্লক দিয়ে দালান ঘর নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে।
ঘটনাটি উপজেলার ৬নং ঘুড়িদহ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের চিনিরপটল গ্রামে ঘটেছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, নদীভাঙন প্রতিরোধে ব্যবহারের জন্য বরাদ্দকৃত পিচিং সরিয়ে নদীর পাড়ে সরকারি ব্লক অবৈধভাবে ব্যবহার করে বসবাসের পাকা স্থাপনা নির্মাণ করা হচ্ছে। এতে করে একদিকে যেমন সরকারি সম্পদের অপচয় হচ্ছে, অন্যদিকে নদীর পাড় দিয়ে এলাকার মানুষের চলাচল ব্যবস্থা ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, চিনিরপটল গ্রামের ছামিতন (৭০), স্বামী আব্দুল করিম (৭৩), পিতা মৃত কছিম উদ্দিন বেপারী, যাদের নামে ৬ শতাংশ জমির রেকর্ড রয়েছে—তারা সরকারি ব্লক ব্যবহার করে দালান নির্মাণে জড়িত।
এছাড়াও একই গ্রামের মৃত তছলিম বেপারীর ছেলে আব্দুল মোমিন (৪৫) ও মোঃ মোফিজুল (৪০)-এর বিরুদ্ধেও একই অভিযোগ উঠেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, সরকারি প্রকল্পের ব্লক সরিয়ে এনে ব্যক্তিগত কাজে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। বিষয়টি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে এলাকাবাসী আশা করছেন, প্রশাসন দ্রুত ঘটনাটি খতিয়ে দেখে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে এবং সরকারি সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করবে।

Reporter Name 



















