
সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি সাইফুল্লাহ বারী হত্যা মামলার প্রধান আসামি ও সদ্য বহিষ্কৃত যুবদল নেতা মোখলেছুর রহমান মুকুলকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১ জুলাই) উপজেলার সতীতলা সাহেব বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২১ জুন চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের পর থেকেই প্রধান অভিযুক্ত মুকুল আত্মগোপনে ছিল। তাকে গ্রেপ্তারে পুলিশের গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। এরই ধারাবাহিকতায় বুধবার সাদা পোশাকের পুলিশের একটি দল সতীতলা সাহেব বাজার এলাকায় অবস্থান নেয়। আত্মগোপনে থাকা মুকুল ওই এলাকার একটি হোটেলে প্রবেশ করলে পুলিশ তাকে হাতে-নাতে গ্রেপ্তার করে। পরে কড়া নিরাপত্তায় তাকে সাঘাটা থানায় নিয়ে যাওয়া হয়।
উল্লেখ্য, গত ২১ জুন (রবিবার) বিকেল পৌনে ৩টার দিকে বোনারপাড়া চারমাথা এলাকায় প্রকাশ্যে সাইফুল্লাহ বারীকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়।

Reporter Name 














