
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার সুন্দরগঞ্জে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ করা হয়েছে। একই সঙ্গে অপরাধের দায়ে এক ব্যক্তিকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার উপজেলার তারাপুর ইউনিয়নের ‘ধরমর্ষের ছড়া’ জলমহলে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহরাব আল আকাশ।
অভিযানকালে আনুমানিক ১ হাজার ৩০০ মিটার দীর্ঘ ১৯টি চায়না দুয়ারী ও একটি কারেন্ট জাল জব্দ করা হয়। এ সময় মৎস্য সুরক্ষা আইন অমান্য করায় অভিযুক্ত এক ব্যক্তিকে এক হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দকৃত জালগুলো আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা মাধব রায়সহ সুন্দরগঞ্জ থানা-পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা মৎস্য কর্মকর্তা মাধব রায় জানান, মা ইলিশ ও দেশীয় প্রজাতির মাছ রক্ষায় প্রশাসন সর্বদা তৎপর রয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করে যারা নিষিদ্ধ জাল ব্যবহার করে মাছ শিকার করবে, তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। প্রাকৃতিক মৎস্যসম্পদ রক্ষায় তিনি স্থানীয় সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।

Reporter Name 















