
আজকের জনগণ ডেস্ক: যুক্তরাষ্ট্রে দীর্ঘ অনিশ্চয়তার পর ডাইভারসিটি ভিসা (ডিভি) লটারি কর্মসূচি পুনরায় চালুর নির্দেশ দিয়েছেন দেশটির একটি ফেডারেল আদালত। আদালতের নির্দেশ অনুযায়ী, আগামী ২৯ অক্টোবরের মধ্যে DV-2027 কর্মসূচির আবেদনের সময়সূচি ঘোষণা এবং ১ নভেম্বরের মধ্যে নিবন্ধন কার্যক্রম শুরু করতে হবে। আবেদন গ্রহণের সময়সীমা অন্তত ৩০ দিন রাখার নির্দেশও দেওয়া হয়েছে।
ডিভি লটারি কর্মসূচির মাধ্যমে প্রতিবছর যুক্তরাষ্ট্রে তুলনামূলক কম অভিবাসী পাঠানো দেশগুলোর যোগ্য ব্যক্তিদের স্থায়ীভাবে বসবাসের সুযোগ দেওয়া হয়। এ কর্মসূচির আওতায় বছরে সর্বোচ্চ ৫৫ হাজার অভিবাসী ভিসা দেওয়ার বিধান রয়েছে।
তবে বাংলাদেশিদের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা রয়েছে। যুক্তরাষ্ট্রে অভিবাসনের উচ্চ হারের কারণে বাংলাদেশে জন্মগ্রহণকারী ব্যক্তিরা DV-2026 কর্মসূচিতে আবেদনের যোগ্য ছিলেন না। DV-2027-এর চূড়ান্ত যোগ্য দেশের তালিকা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে নতুন নিবন্ধন চালুর নির্দেশ এলেও ডিভি ভিসা ইস্যুর ওপর বিদ্যমান স্থগিতাদেশ নিয়ে অনিশ্চয়তা রয়েছে। ফলে লটারিতে নির্বাচিত হলেও ভিসা পাওয়া নির্ভর করবে মার্কিন সরকারের পরবর্তী সিদ্ধান্তের ওপর।
আগ্রহীদের প্রতারণা এড়িয়ে মার্কিন সরকারের সরকারি ওয়েবসাইট https://dvprogram.state.gov/ থেকে সর্বশেষ তথ্য যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে।

Reporter Name 


















