
সাঘাটা প্রতিনিধি:
গাইবান্ধার সাঘাটায় ভরতখালী হাটের খেয়াঘাটে তেলের লরি আটকানোর ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অডিও রেকর্ডটি নিজের নয় বলে দাবি করেছেন মো. সুজাউদ্দৌলা সুজা। অডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বা কোনো প্রযুক্তির মাধ্যমে তৈরি করা হয়েছে কি না, তা নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন তিনি।
সোমবার (১২ অক্টোবর) ভরতখালী হাটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব দাবি করেন সুজা।
তিনি অভিযোগ করেন, তেলের লরি আটকানোর ঘটনাকে ঘিরে একটি মহল তাঁকে ও তাঁর পরিবারকে মিথ্যা মামলায় জড়ানোর ষড়যন্ত্র করছে। এরই অংশ হিসেবে গত ১০ অক্টোবর ভরতখালী হাটে বিক্ষোভ মিছিলের পর স্থানীয় তারেক মিয়া ও তাঁর সহযোগীরা হুমকি দেওয়ার অভিযোগে একটি সাজানো অডিও কল রেকর্ড ফেসবুকে ছড়িয়ে দেন।
সুজার দাবি, অডিওর কণ্ঠস্বরটি তাঁর নয়। কোনো প্রযুক্তি বা এআই দিয়ে এটি তৈরি বা সম্পাদনা করা হয়ে থাকতে পারে। এর প্রকৃত উৎস ও সত্যতা নিশ্চিত করতে ফরেনসিক বা প্রযুক্তিগত পরীক্ষা দরকার।
তিনি আরও বলেন, এই অপপ্রচারের মাধ্যমে তাঁকে ও তাঁর পরিবারকে সামাজিকভাবে হেয় করা হচ্ছে। ঘটনার সুষ্ঠু তদন্তের পাশাপাশি মিথ্যা তথ্য ছড়ানোর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

Reporter Name 


















