
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, তেলে মাথায় তেল না দিয়ে গাইবান্ধার বালাসীঘাট-বাহাদুরাবাদ রুটে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণ করতে হবে। তিনি বলেন, আমি সরকারের কাছে বলব, কোনো দলবাজি, কোনো আঞ্চলিকতায় সিদ্ধান্ত না নিয়ে যেখানে দরকার অর্থাৎ গাইবান্ধায় সেতু দিতে হবে। গাইবান্ধার বালাসীঘাটে সেতু হলে উত্তরাঞ্চলের ৮টি জেলা সরাসরি উপকৃত হবে।
বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে গাইবান্ধার পাবলিক লাইব্রেরী মিলনায়তনে পার্টির কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে দুষ্কৃতকারী, সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি। দেশে দ্রুত জ্বালানি সংকট সহনীয় মাত্রায় নামিয়ে না আনলে সরকারের ভালো অর্জনগুলোও নষ্ট হয়ে যেতে পারে বলে সতর্ক করেছেন সাইফুল হক। তিনি বলেন, বর্তমানে দেশে বিদ্যুৎ, গ্যাস নিয়ে মানুষ ভোগান্তিতে পড়েছেন। এমনকি সারাদেশে ইউরিয়া সারের সংকট থাকায় চলতি আমন মৌসুমে কৃষকরা তাদের জমিতে সঠিক পরিমাণে সার প্রয়োগ করতে পারছে না। ফলে কৃষকরা আমন চাষাবাদ ব্যাহত হওয়ার আশংকা করছেন।
পার্টির জেলা সভাপতি ফিরোজ আহমেদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় রাজনৈতিক পরিষদ সদস্য আকবর খাঁন, কেন্দ্রীয় বিপ্লবী যুব সংহতির যুগ্ম-আহ্বায়ক আউয়াল মাহমুদ ও জেলা সাধারণ সম্পাদক মাসুদুর রহমান প্রধান মাসুদ প্রমূখ।

Reporter Name 


















