
ডেস্ক রিপোর্টঃ সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়, এরপর গড়ে ওঠে অনলাইন সম্পর্ক—অভিযোগ, সেই সম্পর্কের আড়ালেই ভারতীয় নৌবাহিনীর এক সদস্যের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে গুরুত্বপূর্ণ সামুদ্রি ক তথ্য।
পাকিস্তানি গোয়েন্দা সংস্থার এক এজেন্টের কাছে গোপন সামুদ্রিক তথ্য ফাঁসের অভিযোগে ভারতীয় নৌবাহিনীর ৩১ বছর বয়সী এক নাবিককে গ্রেপ্তার করা হয়েছে।
অন্ধ্রপ্রদেশ পুলিশের কাউন্টার ইন্টেলিজেন্স (সিআই) সেল গত ৩ অক্টোবর কোয়েম্বাটোরের নৌবাহিনীর নেতৃত্ব প্রশিক্ষণকেন্দ্র আইএনএস অগ্রনী থেকে প্রদীপ মুখার্জি নামে ওই নাবিককে গ্রেপ্তার করে।
পশ্চিমবঙ্গের বাসিন্দা প্রদীপ ২০১৪ সালে ভারতীয় নৌবাহিনীতে যোগ দেন। তিনি বিশাখাপত্তনমভিত্তিক ইস্টার্ন নেভাল কমান্ডে কর্মরত ছিলেন। গ্রেপ্তারের সময় তিনি কোয়েম্বাটোরে একটি ব্যবস্থাপনা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সে অংশ নিচ্ছিলেন।
কর্মকর্তাদের দাবি, কয়েক মাস আগে সামাজিক যোগাযোগমাধ্যমে এক নারী প্রদীপের সঙ্গে যোগাযোগ করেন। পরে তাদের মধ্যে অনলাইন সম্পর্ক গড়ে ওঠে। অভিযোগ রয়েছে, ওই সম্পর্ককে কাজে লাগিয়ে নারীটি কৌশলগত নৌ-সম্পদ, নৌবহরের চলাচল এবং বিশাখাপত্তনম নৌঘাঁটির কার্যক্রমের কাঠামো নিয়ে সংবেদনশীল তথ্য সংগ্রহ করেন।
সীমান্তপারের গুপ্তচরবৃত্তি ও সন্ত্রাসবাদের হুমকি তদন্তকারী সিআই সেল সন্দেহজনক ডিজিটাল কার্যক্রম শনাক্ত করার পর প্রদীপের বিরুদ্ধে তদন্ত শুরু করে। পরে তাকে নজরদারিতে রাখা হয় এবং তদন্তের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়।
সূত্র: নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস

Reporter Name 























