
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: জুলাই শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে গাইবান্ধার সুন্দরগঞ্জে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে অনুষ্ঠিত ‘জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ শেষ হয়েছে। দীর্ঘ এক মাস ধরে চলা এই ফুটবল আসরে উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভাসহ মোট ১৬টি দল অংশ নেয়।
মঙ্গলবার (১১ আগষ্ট) বিকেলে সুন্দরগঞ্জ আব্দুল মজিদ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বয়েজ মাঠে অনুষ্ঠিত হয় টুর্নামেন্টের বহুল প্রতীক্ষিত ফাইনাল। এতে সুন্দরগঞ্জ পৌরসভা একাদশ ও কাপাসিয়া ইউনিয়ন একাদশ মুখোমুখি হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ শেষে পৌরসভা একাদশ চ্যাম্পিয়ন হয়।
গত ১০ জুলাই শুরু হওয়া এ টুর্নামেন্টে ফাইনালসহ মোট ১৫টি ম্যাচ অনুষ্ঠিত হয়। উপজেলার বিভিন্ন প্রান্তের ১৬টি দলের অংশগ্রহণে পুরো আয়োজনজুড়েই ছিল খেলোয়াড়দের লড়াই আর দর্শকদের উচ্ছ্বাস। ফাইনাল ঘিরে বয়েজ মাঠেও সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।
খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও প্রাইজমানি তুলে দেওয়া হয়। চ্যাম্পিয়ন দল পায় ট্রফির পাশাপাশি ৫ হাজার টাকা এবং রানার্সআপ দল পায় ট্রফি ও ৩ হাজার টাকা প্রাইজমানি।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা জেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মো. ইউসুফ আল কারযাভী। বিশেষ অতিথি ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক মো. সামিউল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন সুন্দরগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. শহিদুল ইসলাম সরকার মঞ্জু, সুন্দরগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. নুরুন্নবী প্রামাণিক সাজু, সুন্দরগঞ্জ উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মো. শাহিন সরকার, পৌর সাংগঠনিক থানা সভাপতি মো. সুরুজ ইসলাম, সুন্দরগঞ্জ পূর্ব সাংগঠনিক থানা সভাপতি মো. জিসান রাকিবসহ ছাত্রশিবিরের নেতাকর্মীরা।
আয়োজকরা জানান, জুলাই শহিদদের স্মৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং তরুণদের খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করতেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। খেলাধুলার মাধ্যমে তরুণদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, শৃঙ্খলা ও সৌহার্দ্য গড়ে তোলার পাশাপাশি জুলাইয়ের স্মৃতি ও চেতনা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়াও ছিল আয়োজনের অন্যতম লক্ষ্য।
১৬টি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত এ আয়োজনকে শুধু একটি ফুটবল প্রতিযোগিতা নয়, জুলাই শহিদদের স্মরণে সুন্দরগঞ্জের তরুণদের একত্রিত করার একটি উদ্যোগ হিসেবেও দেখছেন আয়োজকরা।

Reporter Name 


















