
পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার পলাশবাড়ীতে উপমহাদেশের সর্বোচ্চ ( ৮২ ফুট) রামমূর্তি নির্মাণের উদ্যোগ নিয়ে আলোচনায় আসা হরিদাস চন্দ্র তরণী দাসকে মানি লন্ডারিং আইনের মামলায় গ্রেপ্তার করেছে পুলিশের ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি)।
রোববার (১২ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নের মধ্যরামচন্দ্রপুর এলাকার শ্রী শ্রী রাধাগোবিন্দ ও কালী মন্দির প্রাঙ্গণ থেকে সিআইডির ফিন্যান্সিয়াল ক্রাইম ইউনিট তাকে গ্রেপ্তার করে। এর আগে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় তার বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে একটি মামলা দায়ের করা হয়।
উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর জানান, দায়ের করা মামলায় হরিদাস চন্দ্র তরণী দাস এজাহারভুক্ত আসামি। মামলার পরিপ্রেক্ষিতে সিআইডি তাকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানার ওসি সরোয়ার আলম খান বলেন, মানি লন্ডারিং মামলার ভিত্তিতে সিআইডি তাকে আটক করেছে। ঘটনার পর মন্দির এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
প্রসঙ্গত, পলাশবাড়ীতে প্রস্তাবিত ৮২ ফুট উচ্চতার রামমূর্তি নির্মাণকে কেন্দ্র করে গত জুন মাসে দেশব্যাপী আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। পরবর্তীতে স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সাম্প্রদায়িক সম্প্রীতির বিষয় বিবেচনায় নির্মাণকাজ সাময়িকভাবে স্থগিত ঘোষণা করে শ্রী শ্রী রাধাগোবিন্দ ও কালী মন্দির কর্তৃপক্ষ।
আইনশৃঙ্খলা বাহিনীর একটি সূত্র জানিয়েছে, মানি লন্ডারিং মামলার পাশাপাশি হরিদাস চন্দ্র তরণী দাসের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, প্রতারণা, ভূমি-সংক্রান্ত বিরোধসহ বিভিন্ন অভিযোগের বিষয়েও অনুসন্ধান চলছে। তবে এসব অভিযোগের বিচারিক নিষ্পত্তি এখনও হয়নি।
উল্লেখ্য, ২০১৮ সালেও একটি প্রতারণা মামলায় তিনি আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছিলেন।

Reporter Name 


















