
বিশেষ প্রতিনিধি, সাঘাটা:
সাঘাটা উপজেলার সার্বিক সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডকে আরও গতিশীল করার লক্ষ্যে সাঘাটা উন্নয়ন সংস্থার (SUS) একটি প্রতিনিধিদল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আশরাফুল কবীরের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন। সাক্ষাৎকালে সংস্থার স্বেচ্ছাসেবামূলক কাজের ভূয়সী প্রশংসা করে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন ইউএনও।
বৈঠকে সাঘাটা উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা তাঁদের বর্তমান কার্যক্রম এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বিস্তারিতভাবে তুলে ধরেন। বিশেষ করে শিক্ষা বিস্তার, রক্তদান কর্মসূচি, খেলাধুলার উন্নয়ন এবং মানবিক ও সামাজিক সহায়তা মূলক উদ্যোগগুলো গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়।
প্রতিনিধিদলের বক্তব্য শুনে উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল কবীর বলেন, “সাঘাটার জনকল্যাণ ও সামাজিক উন্নয়নে (SUS) যেসব ইতিবাচক উদ্যোগ গ্রহণ করছে, তা অত্যন্ত প্রশংসনীয়। স্থানীয় প্রশাসনের উদ্দেশ্যও জনগণের কল্যাণসাধন করা। তাই সাঘাটার উন্নয়নে সংস্থার এসব জনহিতকর কার্যক্রমে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা ও নীতিগত সমর্থন অব্যাহত থাকবে।”
সাক্ষাৎ শেষে উভয় পক্ষই আগামী দিনে সমন্বিতভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। যৌথভাবে রক্তদান শিবির আয়োজন, শিক্ষার মানোন্নয়ন, তরুণদের মাদকমুক্ত রাখতে ক্রীড়া প্রতিযোগিতা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মতো ক্ষেত্রগুলোতে একযোগে কাজ করার সিদ্ধান্ত গৃহীত হয়।
“সাঘাটার সার্বিক উন্নয়নে আমরা সবাই একসঙ্গে”-এই শুভ অঙ্গীকার ও আশাবাদ ব্যক্ত করার মধ্য দিয়েই অত্যন্ত ইতিবাচক পরিবেশে সৌজন্য সাক্ষাৎটি সম্পন্ন হয়।

Reporter Name 




















