
রিশাল প্রতিনিধি:
বরিশালের গৌরনদীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুর পৌনে ১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের বাটাজোর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— বরিশালের উজিরপুর উপজেলার আব্দুল হাকিম হাওলাদারের ছেলে ফিরোজ হাওলাদার (৩৬), তার স্ত্রী মনিরা বেগম (২৮) এবং তাদের ১০ বছর বয়সী শিশু কন্যা জান্নাত। ধারণা করা হচ্ছে, ঈদ উপলক্ষে স্ত্রী-সন্তানকে নিয়ে মোটরসাইকেলে করে গ্রামের বাড়ি উজিরপুরে ফিরছিলেন ফিরোজ হাওলাদার।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে গৌরনদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মিজানুর রহমান জানান, ঢাকা থেকে বরিশালগামী ‘তাজ আনন্দ পরিবহণ’ এর একটি দ্রুতগামী বাস পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা স্বামী, স্ত্রী ও সন্তান ঘটনাস্থলেই প্রাণ হারান।
দুর্ঘটনার পরপরই চালক বাসটি ফেলে রেখে পালিয়ে যান। এ সময় উত্তেজিত জনতা বাসটিতে ভাঙচুর চালায়।
ফায়ার সার্ভিস কর্মকর্তা মিজানুর রহমান আরও জানান, ঘটনার বিষয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে। পুলিশ এসে পৌঁছানোর পর লাশ উদ্ধারসহ পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

Reporter Name 












