
নিজস্ব প্রতিবেদক: আগামীকাল (বৃহস্পতিবার) থেকে গাইবান্ধার দারিয়াপুরে শুরু হতে যাওয়া ‘মিলনকান্তি দে পালা নাট্য উৎসব ২০২৬’ মাতাতে গাইবান্ধায় আসছেন বরেণ্য ভাওয়াইয়া শিল্পী ভূপতি ভূষণ বর্মা, মুকাভিনয় শিল্পী নাদেজদা ফারজানা, পালাকারি সায়িক সিদ্দিকী, পুঁথিশিল্পী এ্যাথেন্স শাওন ও সংগীতশিল্পী লামিয়া ঐশ্বর্য, সংগীতশিল্পী আহমেদ শাকিল ও নাট্যকর্মী রঞ্জু।
৩২ বছরে পদার্পণ উপলক্ষে ৩ দিন ব্যাপী এই পালানাট্য উৎসবের আয়োজন করেছে ঐতিহ্যবাহী নাট্য সংগঠন ‘সারথি থিয়েটার’। গাইবান্ধা সদর উপজেলার দারিয়াপুর হাটখোলায় বৃহস্পতিবার (২ এপ্রিল) থেকে প্রতিদিন বিকেল ৫টায় শুরু হবে উৎসবের কার্যক্রম। তিন দিনব্যাপী এই উৎসব উপলক্ষে ব্যাপক প্রস্তুতি ও নানা বর্ণাঢ্য কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে— পালানাট্য, গম্ভীরা, নৃত্য, পুঁথিপাঠ, মূকাভিনয় এবং বিয়ের গীত। এছাড়া শিল্পের বিভিন্ন শাখায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ গুণীজনদের সংবর্ধনা প্রদান করা হবে।
উৎসবে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বাধীনতা পুরস্কারে ভূষিত আবৃত্তিশিল্পী ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক আশরাফুল আলম, গ্রাম থিয়েটারের সভাপতিমণ্ডলীর সদস্য ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. লুৎফর রহমান লেবু, বাংলাদেশ গ্রাম থিয়েটারের ঢাকা বিভাগীয় প্রধান সালাম সাকলাইন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. রহমান রাজু, গ্রাম থিয়েটারের যুগ্ম সাধারণ সম্পাদক প্রদীপ কুমার আগরওয়ালা, আন্তর্জাতিক সম্পাদক অতনু করঞ্জাই, খুলনা বিভাগীয় প্রধান একরামুল হক লিকু, কেন্দ্রীয় সদস্য আসলাম আলী, খ্যাতিমান নৃত্যশিল্পী এম. আর. ওয়াসেক এবং সমাজসেবক শামীম প্রামাণিক বাদল।
উৎসবের পরিবেশনা ও আকর্ষণ:
-
পালানাটক: ঢাকার নাট্যদল ‘বঙ্গলোক’ পরিবেশন করবে সায়িক সিদ্দিকীর রচনা ও নির্দেশনায় ‘রূপচান সুন্দরীর পালা’। আয়োজক সংগঠন দারিয়াপুরের ‘সারথি থিয়েটার’ পরিবেশন করবে জুলফিকার চঞ্চলের রচনা ও নির্দেশনায় ‘খৈলান পালা’। এছাড়া ‘বগুড়া থিয়েটার’ ময়মনসিংহ গীতিকার কাহিনি অবলম্বনে পরিবেশন করবে ‘কাজল রেখা’ (পালানাট্যরূপ: ড. রুবাইয়াত আহমেদ, নির্দেশনা: শহীদুর রহমান)।
-
সংগীত: লালনগীতি ও লোকসংগীত পরিবেশন করবেন দেশের খ্যাতিমান তারকা শিল্পী ঝিনাইদহের লামিয়া ঐশ্বর্য এবং সিরাজগঞ্জের আহমেদ শাকিল। ভাওয়াইয়া পরিবেশন করবেন ভূপতি ভূষণ বর্মা। বাউল গান পরিবেশন করবেন বাংলাদেশ বাউল ও লোকশিল্পী সংস্থা, দারিয়াপুর শাখার শিল্পীরা। ঐতিহ্যবাহী বিয়ের গীত গাইবেন নেত্রকোনার জুয়েল রানা ও গাইবান্ধার নাট্যকর্মী রঞ্জু।
-
নৃত্য: নৃত্য পরিবেশন করবে কুড়িগ্রাম উলিপুরের এন.এম আমিন রেসিডেন্সিয়াল স্কুল, দারিয়াপুরের উদয় শংকর নৃত্যায়ন এবং ‘ভোর হলো’ সংগঠনের শিল্পীরা।
-
অন্যান্য পরিবেশনা: রাজবাড়ী থেকে আগত পুঁথিশিল্পী এ্যাথেন্স শাওন এবং গাইবান্ধার বন্ধন রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা পুঁথিপাঠে অংশ নেবেন। গম্ভীরা পরিবেশন করবে রাজশাহীর চারঘাটের পদ্মা-বড়াল থিয়েটার এবং মূকাভিনয় প্রদর্শন করবেন শিল্পী নাদেজদা ফারজানা মৌসুমী।
গ্রামীণ সংস্কৃতির শেকড় সন্ধানী এই ঐতিহ্যবাহী পালানাট্য উৎসব দর্শক-শ্রোতাদের হৃদয় জয় করবে বলে দৃঢ় বিশ্বাস আয়োজকদের।
সারথির প্রধান সম্পাদক জুলফিকার চঞ্চল আজকের জনগণ’কে বলেন, উৎসবের মধ্য দিয়ে আমরা এমন কিছু দেখাতে চাই, বার্তা দিতে চাই যা এই অঞ্চলের মানুষের জীবন-সংস্কৃতিকে প্রতিনিধিত্ব করে। উৎসব সফল করতে তিনি সবার সহযোগিতা ও অংশগ্রহণ চান।

Reporter Name 







