
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ‘মব’ তৈরি করে মহিমাগঞ্জ আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষকে পদত্যাগে বাধ্য করা ও সম্মানহানির বিচারসহ তাঁর পুনর্বহালের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার ক্লাস বর্জন করে মহিমাগঞ্জ বাজার এলাকায় একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মাদ্রাসার প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেয় এবং সেখানে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, ২০২৪ সালের আগস্টে দুর্নীতির ভিত্তিহীন অভিযোগ তুলে মহিমাগঞ্জ আলিয়া কামিল মাদ্রাসার তৎকালীন ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মোখলেছুর রহমানকে পদত্যাগে বাধ্য করে একটি পক্ষ। সম্প্রতি এই ঘটনার নেপথ্যে থাকা শিক্ষার্থীদের এক নেতার স্বীকারোক্তিমূলক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটিতে তিনি রাজনৈতিক উদ্দেশ্যে মিথ্যা অভিযোগ তুলে মব সৃষ্টির কথা স্বীকার করে ক্ষমা চান। এ ঘটনার পর থেকেই ক্ষোভে ফুঁসে ওঠে সাধারণ শিক্ষার্থীরা এবং পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ক্লাস বর্জন করে রাজপথে নামে।
মানববন্ধনে বক্তারা অবিলম্বে ড. মোখলেছুর রহমানের ওপর আনা মিথ্যা অভিযোগের সুষ্ঠু তদন্ত, সম্মানহানির বিচার এবং তাঁকে স্বপদে পুনর্বহালের দাবি জানান।
এ বিষয়ে মহিমাগঞ্জ আলিয়া মাদ্রাসার বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নূরুল আলম শিক্ষার্থীদের ক্লাস বর্জন ও প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন করার বিষয়টি নিশ্চিত করেছেন।

Reporter Name 
















