
নিজস্ব প্রতিবেদক: গাইবান্ধার সাঘাটায় সামাজিক ও মানবিক সংগঠন ‘সাঘাটা উন্নয়ন সংস্থা’ (SUS)-এর উদ্যোগে শ্রেষ্ঠ রক্তদাতাদের সম্মাননা স্মারক প্রদান এবং বিভিন্ন মাদ্রাসা ও ক্লাবের মাঝে ফুটবল বিতরণ করা হয়েছে।
বুধবার (৬ আগষ্ট) সন্ধ্যায় সংস্থার কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের নির্বাহী পরিচালক ফাহমিদুল ইসলাম মোল্লা রানা। সাধারণ সম্পাদক শ্রী জয় চন্দ্র বিলাশের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রেশ বাজার লিমিটেডের চেয়ারম্যান আব্দুল্লাহ শাহীন।
প্রধান অতিথির বক্তব্যে আব্দুল্লাহ শাহীন বলেন, “সামাজিক উন্নয়নে তরুণদের মানবিক ও স্বেচ্ছাসেবী কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়া সময়ের দাবি। নিয়মিত রক্তদান যেমন একটি মহৎ কাজ, তেমনি খেলাধুলা তরুণ সমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে কার্যকর ভূমিকা রাখে।” সাঘাটা উন্নয়ন সংস্থার এই ব্যতিক্রমী উদ্যোগের প্রশংসা করে তিনি ভবিষ্যতেও সংগঠনের পাশে থাকার আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার উপদেষ্টা সাইদুর রহমান, আনোয়ার হোসেন রানা, আফতাব হোসেন ও সিরাজুল ইসলাম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার আরিফ হোসেন, ত্রাণ সম্পাদক সুলতান হোসেন, শিক্ষা সম্পাদক আব্দুর রউফ, গাইবান্ধা জেলা শাখার সাধারণ সম্পাদক আনছারুজ্জামান রেজওয়ান এবং নারী ও শিশু বিষয়ক সম্পাদক শারমিন আক্তারসহ কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের স্বেচ্ছাসেবকবৃন্দ।
অনুষ্ঠানে রক্তদানে বিশেষ ভূমিকার জন্য শ্রেষ্ঠ রক্তদাতাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। একই সাথে তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে বিভিন্ন মাদ্রাসা ও স্থানীয় ক্রীড়া ক্লাবের প্রতিনিধিদের হাতে ফুটবল তুলে দেন অতিথিরা।
সবশেষে সমাজের কল্যাণে রক্তদান, শিক্ষা, ক্রীড়া, স্বাস্থ্যসেবা ও মানবিক কার্যক্রমকে আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Reporter Name 

















