
নওগাঁ প্রতিনিধি:
দীর্ঘদিনের অনিশ্চয়তা আর দুঃখ-কষ্ট পেছনে ফেলে অবশেষে স্থায়ী ঠিকানা পেলেন নওগাঁ সদর উপজেলার দুটি অসহায় পরিবার। ব্যক্তিগত অর্থায়নে পাকা বাড়ি নির্মাণ করে দিয়ে তাদের মুখে হাসি ফুটিয়েছেন নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু।
সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে এক আবেগঘন পরিবেশে আনুষ্ঠানিকভাবে নবনির্মিত এই বাড়িগুলোর চাবি উপকারভোগীদের হাতে হস্তান্তর করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, নওগাঁ সদর উপজেলার হাঁসাইগাড়ী ইউনিয়নের ভুতুলিয়া হামরাপাড়ার বাসিন্দা মুনছুর আলী পেশায় রাজমিস্ত্রি ছিলেন। তাঁর আকস্মিক মৃত্যুর পর স্ত্রী শিরিনা বেগম দুই সন্তান ও দৃষ্টিপ্রতিবন্ধী শ্বশুরকে নিয়ে চরম বিপাকে পড়েন। চার সদস্যের পরিবারটির মাথা গোঁজার মতো নিরাপদ কোনো আশ্রয় ছিল না।
অন্যদিকে, দুবলহাটি ইউনিয়নের ভবানীনগর গ্রামের মৃত আলী জানের ছেলে ভ্যানচালক আবদুল আজিজ দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে দীর্ঘদিন ধরে একটি জরাজীর্ণ ঘরে মানবেতর জীবন কাটাচ্ছিলেন। সামান্য ঝড়-বৃষ্টিতেই পরিবার নিয়ে আতঙ্কে নির্ঘুম রাত কাটত তাঁর।
পরিবার দুটির চরম দুর্দশার কথা জানতে পেরে সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু ব্যক্তিগত উদ্যোগে তাদের জন্য পাকা ঘর নির্মাণ করে দেন। নতুন ঘরের চাবি হাতে পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন উপকারভোগীরা।
উপকারভোগী শিরিনা বেগম বলেন, ‘স্বামী হারানোর পর দৃষ্টিপ্রতিবন্ধী শ্বশুর আর সন্তানদের নিয়ে খুব কষ্টে দিন কাটছিল। এমপি স্যার আমাদের পাকা ঘর করে দিয়ে নতুন জীবন দিয়েছেন। কোনো দিন ভাবিনি এমন পাকা ঘরে ঘুমাতে পারব।’
আরেক উপকারভোগী আবদুল আজিজ বলেন, ‘ভ্যান চালিয়ে কোনোমতে সংসার চলে, নতুন ঘর তোলার সামর্থ্য ছিল না। এমপি সাহেব নিজের টাকায় ঘর বানিয়ে দেওয়ায় বড় একটি দুশ্চিন্তা দূর হলো। আমরা তাঁর প্রতি কৃতজ্ঞ।’
বাড়ি হস্তান্তরকালে সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু বলেন, ‘জনপ্রতিনিধি হিসেবে মানুষের পাশে দাঁড়ানোই আমার মূল দায়িত্ব। পদ-পদবি বড় নয়, মানুষের কল্যাণে কাজ করার মাঝেই আসল সার্থকতা। এটি কোনো সরকারি প্রকল্পের আওতায় নয়, সম্পূর্ণ ব্যক্তিগত দায়বদ্ধতা থেকেই উদ্যোগটি নিয়েছি। শিরিনা বেগম ও আবদুল আজিজের হাতে ঘরের চাবি তুলে দিতে পেরে আমার খুব ভালো লাগছে। এই ঘর তাদের নতুনভাবে বাঁচার প্রেরণা জোগাবে।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাঁসাইগাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জালাল আহম্মেদ শাহানা, দুবলহাটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আনিছুর রহমান, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শ.ম. আল কাফি তুহিন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নূরনবী সাজা, বক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সারোয়ার কামাল চঞ্চল, নওগাঁ জেলা যুবদলের আহ্বায়ক মাসুদ হায়দার টিপু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিউল আজম টুটুল এবং জেলা ছাত্রদলের আহ্বায়ক মামুন বিন ইসলাম দোহাসহ স্থানীয় নেতাকর্মীরা।

Reporter Name 






















