
ডেস্ক রিপোর্ট: টাইব্রেকারে জিতে এশিয়ান গেমসের টিকিট নিশ্চিত করল বাংলাদেশ। হংকংয়ের বিপক্ষে শ্বাসরুদ্ধকর লড়াইয়ে নির্ধারিত ৬০ মিনিটে ম্যাচটি ৪-৪ সমতায় শেষ হয়। এরপর টাইব্রেকারে ৩-২ ব্যবধানে জয় তুলে নিয়ে এশিয়ান গেমসের টিকিট নিশ্চিত করে বাংলাদেশ হকি দল।
টাইব্রেকারে নায়ক গোলকিপার বিপ্লব কূজর—প্রতিপক্ষের তিনটি শট ঠেকিয়ে রীতিমতো হংকংকে চাপে ফেলে দেন।
ম্যাচের শুরুটা ভালোই করেছিল বাংলাদেশ। রাকিবুল হাসানের ফিল্ড গোল এবং আমিরুল ইসলামের পেনাল্টি স্ট্রোকে দ্রুত ২-০ ব্যবধানে এগিয়ে যায় দলটি।
তবে হংকং দমে যায়নি, বারবার ফিরে এসে ম্যাচে সমতা আনে। আশরাফুল ইসলামের জোড়া গোলে আবারও এগিয়ে যায় বাংলাদেশ, কিন্তু শেষ পর্যন্ত নির্ধারিত সময়ে ৪-৪ স্কোরলাইনেই শেষ হয় লড়াই।
বাছাইপর্বের এই জয় নিশ্চিত হওয়াতে বাংলাদেশের দল আগামী সেপ্টেম্বরে জাপানে অনুষ্ঠিত এশিয়ান গেমসে অংশ নেবে। এখন পর্যন্ত ১১ বার এশিয়ান গেমসে অংশ নেওয়া বাংলাদেশ হকি দলের সেরা সাফল্য ষষ্ঠ স্থান (১৯৭৮ ও ২০১৮)।

Reporter Name 





















