
স্টাফ রিপোর্টঃ গাইবান্ধার সুন্দরগঞ্জে ২০১৪ সালের জামায়াত কর্মী হত্যা মামলায় লাইলী বেগম নামের এক নারী কৃষকলীগ নেত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল বুধবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন থানা অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হাকিম আজাদ।
এর আগে মঙ্গলবার সুন্দরগঞ্জ উপজেলা পরিষদের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃত লাইলী বেগম সুন্দরগঞ্জ উপজেলার বেলকা ইউনিয়ন কৃষকলীগের সভাপতি। তিনি পূর্ব বেলকা গ্রামের মোস্তাফিজুর রহমান সরকারের স্ত্রী।
অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হাকিম আজাদ জানান, ২০১৪ সালের জামায়াত কর্মী শাহাবুল ইসলাম হত্যা মামলার অজ্ঞাত আসামিদের একজন হিসেবে লাইলী বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। পরে আদালতে সোপর্দ করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
উল্লেখ্য, ২০১৪ সালের ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনের দিন উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের মনমথ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে জামায়াত কর্মী শাহাবুল ইসলামকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। দীর্ঘ সাড়ে ১০ বছর পর ২০২৪ সালের ২২ অক্টোবর নিহতের ছোট ভাই এসএম শাহজাহান কবির বাদী হয়ে সুন্দরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলায় সাবেক সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের স্ত্রী ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দা খুরশিদ জাহান স্মৃতিকে প্রধান আসামি করা হয়। এছাড়া ৭৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ৪০-৫০ জনকে আসামি করা হয়েছে। এই হত্যা মামলায় লাইলী বেগমকে গ্রেপ্তার করা হয়।

Reporter Name 

























