
ডেস্ক রিপোর্ট:
দেশের বিচারিক ইতিহাসে এক অনন্য নজির সৃষ্টি করে মাত্র ২৯ কার্যদিবসের মধ্যে মেহেরপুরে একটি শিশু ধর্ষণ মামলার রায় ঘোষণা করা হয়েছে। ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের দায়ে শাকিল হোসেন (২৫) নামের এক যুবককে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
আজ রবিবার দুপুরে মেহেরপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. তাজুল ইসলাম এই ঐতিহাসিক রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আসামি শাকিল হোসেন মেহেরপুরের গাংনী উপজেলার চাঁদপুর গ্রামের আব্দাল হাসানের ছেলে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী (পাবলিক প্রসিকিউটর) অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান রায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, দেশের ইতিহাসে এবারই প্রথম এত দ্রুততম সময়ে (২৯ কার্যদিবস) সশরীরে ও ভার্চুয়াল ভিডিও কলের মাধ্যমে মাত্র ৩ দিনে ১১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ করে এই রায় দেওয়া হলো।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৫ সালের ১৬ জুন গাংনী উপজেলার চাঁদপুর গ্রামের পঞ্চম শ্রেণিতে পড়ুয়া এক শিশু তার বাবাকে বাড়ির পাশের মাঠে দুপুরের খাবার দিতে যাচ্ছিল। পথে একই গ্রামের শাকিল হোসেন দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে শিশুটিকে পাশের একটি পাটখেতে নিয়ে ধর্ষণ করে।
শিশুটি বাড়ি ফিরে পরিবারকে বিষয়টি জানালে তার বাবা এসনুল হক বাদী হয়ে গাংনী থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ দ্রুত আসামিকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়।
আদালত সূত্র জানায়, মামলার গুরুত্ব বিবেচনা করে দ্রুততম সময়ে বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করা হয়। সশরীরে উপস্থিত করার পাশাপাশি প্রযুক্তির সহায়তায় ভার্চুয়াল ভিডিও কলের মাধ্যমে মাত্র তিন দিনে ১১ জন সাক্ষীর সাক্ষ্য ও জেরা সম্পন্ন করেন আদালত। সমস্ত তথ্য-প্রমাণ ও সাক্ষ্য বিবেচনা করে বিজ্ঞ বিচারক আসামিকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আদেশ দেন।
এই রায়ে সন্তোষ প্রকাশ করেছে ভুক্তভোগী শিশুর পরিবার। সাংবাদিকদের তারা জানান, এত দ্রুত সময়ে তারা ন্যায়বিচার পাবেন তা ভাবেননি। এই রায় সমাজে অপরাধ দমনে দৃষ্টান্ত হয়ে থাকবে।
অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন জানান, এই রায়ের বিরুদ্ধে তারা উচ্চ আদালতে আপিল করবেন।

Reporter Name 























