
নিজস্ব প্রতিবেদক: রক্ষণাবেক্ষণ ও প্রয়োজনীয় সংস্কারের অভাবে গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌর মিনি শিশু পার্কটি এখন প্রায় বিলুপ্তির পথে। শিশুদের বিনোদনের জন্য তৈরি করা রাইডগুলো ভেঙে ও মরিচা ধরে নষ্ট হয়ে যাচ্ছে। ফলে পৌর শহরের একমাত্র বিনোদন কেন্দ্রটি আকর্ষণ হারানোর পাশাপাশি ব্যাহত হচ্ছে স্থানীয় শিশুদের মানসিক বিকাশ।
বুধবার (১ জুলাই) সরেজমিনে পার্কে গিয়ে দেখা যায়, পার্কের ভেতরে জরাজীর্ণ পরিবেশ। গাছের নিচে মাটিতে যত্রতত্র ছড়িয়ে-ছিটিয়ে আছে শুকনো পাতা ও ময়লা-আবর্জনা। শিশুদের খেলার জন্য তৈরি করা হলুদ রঙের মূল স্পাইরাল স্লিপার-স্লাইডটি ভেঙে মারাত্মক ঝুঁকিপূর্ণ অবস্থায় দাঁড়িয়ে আছে। পাশের স্টিলের অন্য একটি স্লাইডও দুমড়ে-মুচড়ে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। দীর্ঘদিন কোনো সংস্কার না হওয়ায় সুন্দরগঞ্জ পৌর এলাকার শিশুদের একমাত্র এই বিনোদন কেন্দ্রটি এখন যেন এক পরিত্যক্ত ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। শিশুদের আনন্দের জন্য বসানো দোলনা, স্লিপার ও বসার আসনগুলো আজ ভাঙাচোরা এবং অকেজো।
পার্কে আসা স্থানীয় অভিভাবক রফিকুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, “পৌর শহরে বাচ্চাদের ঘোরার মতো আর কোনো জায়গা নেই। বাধ্য হয়েই এখানে নিয়ে আসি, কিন্তু পার্কের ভেতরের স্লাইড আর রাইডগুলো সব ভেঙে পড়ে আছে। বাচ্চাদের এখানে ছেড়ে দিতে ভয় লাগে, কখন যে কেটে-কুটে দুর্ঘটনা ঘটে!”
পার্কে খেলতে আসা শিশু জাহিমা নুসরাত সারা বলেন, “এখানে এসে দোলনায় দুলতে পারি না, স্লিপারটাও ভাঙা। আমাদের খেলতে খুব কষ্ট হয়।”
স্থানীয়দের অভিযোগ, যথাযথ তদারকি ও সদিচ্ছার অভাবেই পার্কটি আজ এই কঙ্কালসার অবস্থায় এসে পৌঁছেছে। অতি দ্রুত যদি এই পৌর মিনি পার্কটির সংস্কার ও আধুনিকায়ন করা না হয়, তবে অচিরেই এটি পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। শহরের শিশুদের সুপ্ত মেধা ও মানসিক বিকাশের স্বার্থে দ্রুত কার্যকর ব্যবস্থা নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ-এমনটাই প্রত্যাশা সুন্দরগঞ্জবাসীর।

Reporter Name 
















