
রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের রৌমারীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৯ গ্রাম গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই দিনে পৃথক আরেকটি অভিযানে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে রৌমারী থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বুধবার (১ জুলাই) বিকেল ৫টার দিকে রৌমারী থানার এসআই (নিরস্ত্র) মো. মাহমুদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার বন্দবেড় ইউনিয়নের টাপুরচর বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে ৯ গ্রাম গাঁজাসহ মোছা. মনোয়ারা খাতুনকে (৪৫) আটক করা হয়। তিনি ওই এলাকার মৃত আব্দুস সবুরের স্ত্রী।
পরে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন। তিনি জনসম্মুখে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক মনোয়ারা খাতুনকে দোষী সাব্যস্ত করে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
পুলিশ জানায়, বৈরী আবহাওয়া ও নদীপথে যাতায়াতের নিরাপত্তার স্বার্থে সাজাপ্রাপ্ত ওই আসামিকে সাময়িকভাবে রৌমারী থানার নারী ও শিশু হেল্প ডেস্কে রাখা হয়েছিল। আজ বৃহস্পতিবার (২ জুলাই) সকালে তাকে কুড়িগ্রাম জেলা কারাগারে পাঠানো হয়েছে।
এদিকে, একই দিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বন্দবেড় ইউনিয়নের বাইটকামারী গ্রামের আব্দুল হামিদের পুকুরপাড় এলাকায় পৃথক আরেকটি অভিযান চালায় পুলিশ। রৌমারী থানার এসআই (নিরস্ত্র) মো. শফিকুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— উপজেলার ঝুনকির চর এলাকার মৃত আয়নাল হকের ছেলে মো. আব্দুল হান্নান (৩৬) এবং একই এলাকার মৃত মকবুল হোসেনের ছেলে মো. হাসমত আলী (৩০)।
পুলিশ জব্দ তালিকা প্রস্তুত করে উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট হেফাজতে নিয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে কুড়িগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে।
রৌমারী থানা পুলিশ জানিয়েছে, এলাকায় মাদক নির্মূলে তাদের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে। বর্তমানে এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Reporter Name 



















