
ডেস্ক রিপোর্টঃ বিদ্যুৎ ও জ্বালানি খাতের চলমান সংকটের মধ্যেই একটি চক্র পরিস্থিতি অস্থিতিশীল করতে সক্রিয় রয়েছে বলে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর দাবি, রাষ্ট্র, রাজনীতি ও প্রশাসনে ফ্যাসিবাদের সুবিধাভোগীরা এখনো বসে নেই।
শনিবার জাতীয় সংসদের এলডি হলে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর চিকিৎসক সমাবেশে তিনি বলেন, একটি চক্র খুব কৌশলে বিদ্যুৎ ও জ্বালানি খাত নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছে।
আগের অপরিকল্পিত সিদ্ধান্তের কারণে বিদ্যুৎ ও জ্বালানি খাতে সংকট তৈরি হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সরকার মানুষের দুর্ভোগের বিষয়টি অস্বীকার করছে না। বরং সংকট থেকে উত্তরণে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে। বাস্তবসম্মত পরিকল্পনার মাধ্যমে ধীরে ধীরে দেশ ও মানুষকে এই সংকট থেকে বের করে আনার চেষ্টা চলছে।
স্বাস্থ্য খাত নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রী। শিক্ষা, স্বাস্থ্য ও জ্বালানিসহ প্রতিটি খাতকে স্বয়ংসম্পূর্ণ করতে সরকার বাস্তবমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে জানিয়ে তিনি চিকিৎসকদেরও সরকারের সঙ্গে কাজ করার আহ্বান জানান।
রাজনীতির কারণে যেন চিকিৎসকদের পেশাগত দায়িত্ব ব্যাহত না হয়, সে বিষয়েও সতর্ক করেন তিনি। তাঁর মতে, পেশাজীবীরা রাজনৈতিকভাবে সচেতন বা সংগঠিত থাকতে পারেন, তবে রাজনৈতিক সম্পৃক্ততা যেন পেশাগত দায়িত্ব পালনে বাধা না হয়।
একই অনুষ্ঠানে তিনি ২০২৪ সালের গণ–অভ্যুত্থানে শহীদ ও গুরুতর আহতদের পরিবারের ১০ সদস্যের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন এবং জীবিকা নির্বাহের জন্য তিন জুলাই যোদ্ধাকে সিএনজি অটোরিকশা, প্যাডালচালিত ও ব্যাটারিচালিত রিকশা উপহার দেন প্রধানমন্ত্রী।

Reporter Name 





















