
স্টাফ রিপোর্টঃ গাইবান্ধায় ৫ সাবেক এমপিসহ ৮৫ জনের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতা বায়েজিদ মোস্তামি জীমকে হত্যার চেষ্টায় মামলা দায়ের করেন।
গাইবান্ধা থানায় দায়েরকৃত এজাহারে ৮৫ জন নামীয় এবং ১০০-১৫০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে।
ভুক্তভোগী বায়োজিদ মোস্তামি জীম অভিযোগে উল্লেখ করেন, ২০২৪ সালের ১৪ জুলাই দুপুরে তাকে গাইবান্ধা সরকারি কলেজ মাঠ থেকে জোরপূর্বক অপহরণ করে জেলা ছাত্রলীগ সভাপতি মোঃ আসিফ সরকারের বাসায় নিয়ে যাওয়া হয়।
সেখানে তাকে লোহার রড, হকিস্টিক ও বাঁশের লাঠি দিয়ে ব্যাপক মারধর করা হয়। পরে রাত ১০টার দিকে গলা চেপে হত্যার চেষ্টা চালানো হয়। স্থানীয়রা ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়।
পরে ৪ আগস্ট বেলা ২টার দিকে বায়োজিদ মোস্তামি জীমকে গাইবান্ধা ডিসি অফিসের সামনে থেকে পুনরায় ধৃত করে পুলিশ সুপারের কার্যালয়ের গেটের সামনে নিয়ে মারধর করা হয়। এসময় ৭০-৭৫টি রাবার বুলেট দিয়ে তার শরীরে গুলি ছোড়া হয় বলে এজাহারে দাবি করা হয়েছে। পরে হামলাকারীরা “জয় বাংলা” শ্লোগান দিয়ে স্থান ত্যাগ করে।
এজাহারে আওয়ামী লীগের জেলা সভাপতি আবু বকর সিদ্দিক, সাবেক এমপি নাহিদ হাসান নিগার সুলতানা, শাহ সরোয়ার কবির, উম্মে কুলসুম স্মৃতি, আবুল কালাম আজাদ, মাহমুদ হাসান রিপনসহ আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতা এই মামলায় মোট ৮৫ জনের নাম উল্লেখ করে আসামি করা হয়।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও সাক্ষী হিসেবে মোঃ মাসুদ মিয়া ও মোঃ জাহিদ হাসান জীবনের নাম এজাহারে অন্তর্ভুক্ত করা হয়েছে।
এই বিষয়ে গাইবান্ধা সদর থানার ওসি’ শাহিনুর ইসলাম তালুকদারের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, মামলা রুজু করা হয়েছে এবং আসামিদের ধরতে কাজ করছে সদর থানা পুলিশ।

Reporter Name 

























