
স্টাফ রিপোর্টঃ ট্রেনে দুই যাত্রীর বাগ্বিতণ্ডা থামাতে গিয়ে পুলিশের সামনেই মারধরের শিকার হলেন স্টেশনমাস্টার। মারধরের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে গাইবান্ধা রেলস্টেশনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, লালমনিরহাট থেকে ছেড়ে আসা লালমনিরহাট এক্সপ্রেস গাইবান্ধা স্টেশনে এলে ট্রেনের বগিতে ওঠা নিয়ে এক নারী যাত্রীর সঙ্গে আরেক পুরুষ যাত্রীর বাগ্বিতণ্ডা শুরু হয়। দুজনের বাগ্বিতণ্ডা থামাতে গিয়ে দায়িত্বরত স্টেশনমাস্টার মারধরের শিকার হয়।এ সময় পুরুষ পক্ষের যাত্রী ও তার স্বজনেরা তাঁকে মারধর করেন।
স্টেশনমাস্টার আবুল কাশেম বলেন, ‘ ট্রেন স্টেশনে আসলে ট্রেনে আগে ওঠা নিয়ে এক মহিলা যাত্রীর সাথে পুরুষ যাত্রীর বাকবিতন্ডো শুরু হয়। আমি দুই যাত্রীকে থামানোর চেষ্টা করি। এ সময় হঠাৎ করে পুরুষ যাত্রী ও তার স্বজনেরা আমার ওপর ক্ষিপ্ত হয়ে মারধর শুরু করে। স্টেশনে দায়িত্বরত জিআরপি পুলিশ সদস্যরা এগিয়ে আসেননি। কী করব, মার তো খেয়েছি? কাকে অভিযোগ দিব? অভিযোগ দিলে কি আর সম্মান ফিরে পাব।
গাইবান্ধা রেলস্টেশনের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সাহেব গণি বলেন, ‘ঘটনাটি দুঃখজনক। স্টেশনের মাস্টারসহ আমি ওই ঘটনাস্থলে উপস্থিত ছিলাম। আমি যাত্রীদের ধাক্কাধাক্কিতে বগিতে আটকে যাই। পরে দেখি ট্রেন থেকে মাস্টারকে নামিয়ে যাত্রীরা মারধর করছেন। তৎক্ষণাৎ পুলিশকে ডাকতে ডাকতেই ট্রেনটি ছেড়ে দেওয়ার কারণে আইনগত কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি।

Reporter Name 















